দার্জিলিংয়ে তৃণমূল জনমুক্তি মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দার্জিলিং আসনের প্রার্থী মনোনয়ন নিয়ে মুখোমুখি অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও গোর্খা জনমুক্তি মোর্চা। জনমুক্তি মোর্চা ইতিমধ্যে মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপির প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে সমর্থন জানিয়েছে।
বিজেপি প্রার্থীকে জনমুক্তির সমর্থনে ক্ষুব্ধ হন মমতা। ইতিমধ্যে জনমুক্তি মোর্চাকে চাপে রাখার কৌশল নিয়েছে শাসক দল তৃণমূল। দার্জিলিংয়ের একটি রাজনৈতিক হত্যা মামলায় বিমল গুরুং, তাঁর পত্নী আশা গুরুং ও দলের সাধারণ সম্পাদক রোশন গিরির আগাম জামিনের আবেদন বাতিল করা হয়। এক নেতাকে গ্রেপ্তারও করা হয়। শুধু তা-ই নয়, এই মামলায় অভিযুক্ত ১০ নেতা-কর্মীকে ফেরার ঘোষণা করে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়। এ নিয়ে এখন মুখোমুখি দুই দল।
গত মঙ্গলবার দার্জিলিংয়ে এক সমাবেশে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বিমল গুরুং বলেন, ‘আমি যতগুলো রাজনৈতিক দল সম্পর্কে জানি, কথা বলেছি, তাদের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল হলো তৃণমূল কংগ্রেস। এরা রেশন নিয়ে দুর্নীতি করেছে, চাকরি নিয়ে দুর্নীতি করেছে। এরা আমাকে মাওবাদী নেতা কিষেনজির মতো অবস্থা করতে চায়। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’