দার্জিলিংয়ে প্রার্থী হচ্ছেন না বাপ্পী লাহিড়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হচ্ছেন না সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। ওই আসনে প্রার্থী হচ্ছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

আজ বৃহস্পতিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহা বলেছিলেন, বাপ্পী লাহিড়ীর হাতে বেশ কয়েকটি ছবির সংগীত পরিচালনার কাজ পড়ে আছে। নির্বাচনে দাঁড়ালে ওই কাজে সময় দিতে পারবেন না তিনি। এটা ভেবেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এদিকে আজ দিল্লিতে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার প্রার্থিতার কথা ঘোষণা দেয় বিজেপি। দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপির এই প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। এই আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন ফুটবলার বাইচুং ভুটিয়া।

গত সোমবার রাজধানী দিল্লিতে দাজির্লিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে পাশে নিয়ে এক সাংবাদ সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং তাঁদের প্রতি জনমুক্তি মোর্চার সমর্থনের কথা জানান। তখন দিল্লি থেকে জানা গিয়েছিল, এই আসনে বিজেপির প্রার্থী হতে পারেন বাপ্পী লাহিড়ী।

২০০৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনেও জনমুক্তি মোর্চা দার্জিলিং কেন্দ্রে সমর্থন জানিয়েছিল বিজেপির প্রার্থী যশোবন্ত সিনহাকে। সিনহা বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।