দার্জিলিংয়ে বিজেপির জামানত জব্দ হবে: মমতা

লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে বিজেপির জামানত জব্দ হবে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার বীরভূমের সিউড়িতে এক নির্বাচনী জনসভায় মমতা এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রথম পর্বে চারটি আসনের নির্বাচন শেষ হয়েছে ১৭ এপ্রিল। এর মধ্যে রয়েছে দার্জিলিং আসনটিও। পশ্চিমবঙ্গের মানুষ এখনো তাকিয়ে আছে দার্জিলিংয়ের ফলাফলের দিকে।
বিভিন্ন জনমত সমীক্ষায় পশ্চিমবঙ্গে মমতার তৃণমূল কংগ্রেসের জয়ের কথা বলা হলেও দার্জিলিং আসনে বিজেপির জেতার সম্ভাবনা বলেই আভাস দেওয়া হয়। কারণ পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে প্রার্থী হয়েছেন বিজেপির প্রবীণ নেতা সুখবিন্দর সিং আলুওয়ালিয়া। মমতার প্রার্থী ছিলেন প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দার্জিলিংয়ের বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।’ মমতার দলের নেতা ও মন্ত্রী গৌতম দেব দাবি করেন, ৫০ হাজার ভোটে এগিয়ে জিতবেন তাঁদের প্রার্থী বাইচুং ভুটিয়া।
নির্বাচনের পর জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং আশাবাদ ব্যক্ত করেন, অন্তত দেড় লাখ ভোটের ব্যবধানে জিতবেন তাঁদের সমর্থিত বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া বলেন, মমতার নীতি মানেননি পাহাড়ের মানুষ। তারই প্রতিফলন ঘটবে এবারে ভোটের ফলাফলে।
সিপিএমের নেতা অশোক ভট্টাচার্য বলেন, এবার তৃণমূলবিরোধী ভোট হয়েছে পাহাড়ে-সমতলে। যার পরোক্ষ ফায়দা পাবে বিজেপি।