দার্জিলিংয়ে মুখোমুখি তৃণমূল-জনমুক্তি মোর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দার্জিলিং আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে এবার মুখোমুখি তৃণমূল কংগ্রেস ও গোর্খা জনমুক্তি মোর্চা। মমতার প্রার্থীকে মেনে নিতে পারেনি তারা। তাই এই আসনে আলাদা প্রার্থী দিয়েছে দলটি।

মমতা ক্ষমতায় এসে দার্জিলিং সমস্যা সমাধানে জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে প্রধান করে প্রতিষ্ঠা করেন স্বশাসিত গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। মমতা ভেবেছিলেন, জনমুক্তি মোর্চা তাঁদের বিমুখ করবে না দার্জিলিং আসনের প্রার্থী মনোনয়নে। এ বিশ্বাস নিয়ে মমতা তাঁর দলের প্রার্থী করেন ভারতের সাবেক ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়াকে। এটাই মেনে নিতে পারেনি জনমুক্তি মোর্চা। মমতাকে চ্যালেঞ্জ করে জনমুক্তি মোর্চা বিজেপির সঙ্গে জোট করে প্রার্থী করেন প্রবীণ বিজেপি নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী করে সুজয় ঘটককে ও বামফ্রন্ট প্রার্থী করে সমন পাঠককে।

মূলত তৃণমূলের প্রার্থিতা নিয়ে তৃণমূল ও জনমুক্তি মোর্চার মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে জনমুক্তি মোর্চাকে চাপে রাখার কৌশল নেয় শাসক দল তৃণমূল। দার্জিলিংয়ের একটি রাজনৈতিক হত্যা মামলাকে সামনে এনে এবার বিমল গুরুং, তাঁর পত্নী আশা গুরুং, দলের সাধারণ সম্পাদক রোশন গিরির আগাম জামিনের আবেদন বাতিল করা হয়। গ্রেপ্তার করা হয় এক নেতাকেও। শুধু তা-ই নয়, এই মামলায় অভিযুক্ত ১০ নেতা-কর্মীকে ফেরারি ঘোষণা করে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়। এতে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় দল দুটি।

গতকাল মঙ্গলবার দার্জিলিংয়ের মালিধুরাতে শাসক তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বিমল গুরুং বলেন, ‘আমি যেসব রাজনৈতিক দল সম্পর্কে জানি, কথা বলেছি, তাদের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল হলো তৃণমূল কংগ্রেস। এরা রেশন নিয়ে দুর্নীতি করেছে, চাকরি নিয়ে দুর্নীতি করেছে। এরা আমাকে মাওবাদী নেতা কিষেনজির মতো অবস্থা করতে চায়।’ এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান বিমল গুরুং।