অখিল ভারতীয় গোর্খা লিগের (এবিজিএল) প্রধান মদন তামাংয়ের হত্যাকাণ্ড ভারতের সহিংসতাপূর্ণ দার্জিলিংয়ের পার্বত্যাঞ্চলের পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে। গত শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে ছুরিকাঘাতে গোর্খা নেতা তামাংকে হত্যা করা হয়। তামাংয়ের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক ফ্রন্ট দার্জিলিংয়ে প্রভাবশালী গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) বিরোধী ছিল।কয়েক বছর ধরে একটি আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে সহিংস আন্দোলন চালিয়ে আসছে গোর্খা জনমুক্তি মোর্চা। তামাং নিজেও একটি আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এ ব্যাপারে জিজেএমের কর্মকাণ্ড থেকে এবিজিএলকে আলাদা রেখেছিলেন তিনি। পাশাপাশি ধারাবাহিকভাবে জিজেএমের কর্মকাণ্ডেরও বিরোধিতা করে আসছিলেন।পার্বত্য এলাকায় সীমিত নিয়ন্ত্রণ থাকলেও জেজিএমবিরোধী একজন শক্তিশালী নেতা হিসেবে উঠে আসছিলেন তামাং। গোর্খাল্যান্ড রাজ্য গঠিত হওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তী পরিষদ গড়ার ব্যাপারে জেজিএমের আহ্বানের বিরোধিতাও করেন তিনি।তামাংয়ের হত্যার জন্য এখন জেজিএমের দিকে সন্দেহের আঙুল উঠছে। পশ্চিমবঙ্গ রাজ্যের পৌরবিষয়কমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কসিস্টের (সিপিআই-এম) জ্যেষ্ঠ নেতা অশোক ভট্টাচার্য বলেন, দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় যাতে বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন জেজিএমের কোনো বিরোধী না থাকে তা নিশ্চিত করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে এই হত্যাকাণ্ডে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে জেজিএম। বরং তারা দাবি করেছে, রাজ্য সরকারের ষড়যন্ত্রে তামাংকে হত্যা করা হয়েছে। জেজিএমের জনসংযোগ সম্পাদক হরকা বাহাদুর ছেত্রি বলেন, ‘আমাদের লোকেরা কেন তাঁকে খুন করতে যাবে? আমরা তো জানি, তামাংয়ের মতো পর্যায়ের একজন মানুষকে হত্যা করলে আমরা জনসমর্থন হারাব। এমন ভুলতো আমরা করতে পারি না।’অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যেই আশঙ্কা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের পরিণতি হিসেবে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার পরিস্থিতি আরও খারাপ হবে। কয়েক বছর ধরেই দার্জিলিং, ক্যালিম্পং ও কুরসেওং-এ নিয়মিত ধর্মঘট ও বন্ধ ডাকা হচ্ছে। এ থেকে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তামাংয়ের হত্যাকাণ্ড জেজিএমের বিরুদ্ধে চলে যেতে পারে। কারণ স্থানীয় সাধারণ মানুষ এই হত্যার সমালোচনা করছে। এ ছাড়া জেজিএমের রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলতে পারে এই হত্যাকাণ্ড। এটা দলটির জন্য বড় পরাজয় ডেকে আনতে পারে। পাশাপাশি এতে লাভবান হতে পারে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ)। আলাদা রাজ্য হিসেবে গোর্খাল্যান্ডের দাবিতে তারাই প্রথম আন্দোলন শুরু করেছিল। কিন্তু জেজিএমের উত্থানের কারণে তাদের প্রভাব কমে যায়।জেজিএম নেতা হরকা বাহাদুর ছেত্রিও স্বীকার করেছেন, তামাংয়ের হত্যাকাণ্ড গোর্খাল্যান্ড আন্দোলনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবিজিএলের মহাসচিব লক্ষ্মণ প্রধানও এ ধরনের ধারণাকে সমর্থন করেছেন। স্থানীয় থানার কর্মকর্তারা আশঙ্কা করছেন, পরিস্থিতির অবনতি হতে পারে। যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। দার্জিলিং জেলার সিপিআই-এম নেতা জীবেশ সরকার তামাংয়ের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন, পাহাড়ি এলাকায় পুলিশ পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। তারা কোনো ধরনের সহিংসতা রোধ করতে পারছে না।