দালাই লামার নিন্দায় চীনা কর্মকর্তা
চীন সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তিব্বতের স্বশাসনের জন্য দালাই লামার দীর্ঘদিনের আন্দোলনের নিন্দা করেছেন। তিনি একে তিব্বতের স্বাধীনতার দাবি তোলার সমান বলে আখ্যায়িত করেছেন। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম গতকাল শনিবার এ কথা জানিয়েছে।
তিব্বতিদের আধ্যাত্মিক নেতা দালাই লামার সমালোচনাকারী কর্মকর্তা হচ্ছেন চীনা পার্লামেন্টের শীর্ষ উপদেষ্টা সংস্থার জাতিগত ও ধর্মবিষয়ক কমিটির চেয়ারম্যান ঝু ওয়েইকুন। তাঁর এ মন্তব্য থেকে মনে করা হচ্ছে, চীন সরকার নির্বাসিত দালাই লামার সঙ্গে সমঝোতায় রাজি হবে না।
তিব্বতে চীনের শাসনের বিরুদ্ধে ব্যর্থ আন্দোলনের পর ১৯৫৯ সালে চীন ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন দালাই লামা। চীন তাঁকে সহিংস বিচ্ছিন্নতাবাদী হিসেবে গণ্য করে। অন্যদিকে দালাই লামার দাবি, তিনি তাঁর নিজের এলাকার জন্য অধিকতর স্বায়ত্তশাসন চান মাত্র।
সরকারি চায়না ডেইলি পত্রিকা লিখেছে, ঝু ওয়েইকুন বলেছেন, ‘মূলগত অর্থে উচ্চ মাত্রার স্বশাসন অর্থ তিব্বতের স্বাধীনতা। এটি দুই ধাপে বিচ্ছিন্ন হবে। প্রথমে তথাকথিত স্বশাসন। তারপর প্রকৃত স্বাধীনতা। ... দালাই লামা যে স্বশাসনের কথা বলেন, তা চীনের স্বশাসনব্যবস্থার পরিপন্থী।’ রয়টার্স।