দালাই লামার নিরাপত্তা জোরদার হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালাই লামার আশপাশে থেকে কাজ করেন এমন ব্যক্তিদের সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছে ভারতে তিব্বতি নির্বাসিত সরকার। আধ্যাত্মিক নেতা দালাই লামাকে হত্যায় চীনা কর্তৃপক্ষ ষড়যন্ত্র করছে বলে দাবি করার পর এ সতর্কতা জারি করা হলো। তাঁর নিরাপত্তাও জোরদার করা হয়েছে।হিমাচল প্রদেশের ধরমশালাভিত্তিক তিব্বতি নির্বাসিত সরকারের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী এনগোদাপ দোংচাং বলেন, মন্ত্রিপরিষদের সপ্তাহান্তের বৈঠকে কর্মকর্তাদের নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হয়। ওই বৈঠকে নিরাপত্তা চার গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী দোংচাং বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো খুবই সতর্কাবস্থা অবলম্বন করে চলতে চাই। অবশ্যই এ বিষয়টি নিয়ে আমরা ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।’ ৭৬ বছর বয়স্ক দালাই লামা সম্প্রতি দাবি করেন, চীনা গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে হত্যার মিশন বাস্তবায়নে তিব্বতি কিছু নারীকে প্রশিক্ষণ দিয়েছে। তিনি বলেন, এ বিষয়ে তিব্বতের ভেতর থেকে তাঁর কাছে খবর এসেছে, যেখানে তাঁকে সতর্ক করে বলা হয়েছে যে ভক্তের ছদ্মবেশ ধারণ করে ওই তিব্বতি নারীরা তাঁর আশীর্বাদ কামনা করতে গিয়ে তাঁকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা চালাতে পারে।নির্বাসিত সরকার বলেছে, হুমকির বিষয়টি যাচাই করা হয়নি এবং দালাই লামা এটাকে খুব একটা গুরুত্বের সঙ্গে নাও নিতে পারেন। তবে তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে।অন্যদিকে দালাই লামার ওই দাবি নাকচ করে দিয়েছে চীন। দেশটি বলেছে, তারা যদি চাইত তবে অনেক আগেই তারা হামলা পরিচালনা করতে পারত। দালাই লামার ওই দাবি একটি ‘ছলনাপূর্ণ চাতুরী’র চেয়ে বেশি কিছু নয় বলেও মন্তব্য করেছে চীন। জিনিউজ।