দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনশাসিত তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে আজ শুক্রবার বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, দালাই লামার সঙ্গে বৈঠক বাতিল করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ওবামা-দালাই বৈঠক চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
এর আগে ২০১১ সালে একসঙ্গে বসেছিলেন ওবামা ও দালাই লামা। ওই সময়ও চীন ক্ষোভ প্রকাশ করেছিল।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, হোয়াইট হাউসের ম্যাপ রুমে একান্ত বৈঠকে বসবেন ওবামা ও দালাই লামা।
ওবামা বিদেশি অতিথিদের নিয়ে সাধারণত নিজ কার্যালয় ওভাল অফিসে বসেন। তবে দালাই লামার সঙ্গে বৈঠকটিকে কম গুরুত্বপূর্ণ দেখাতে তিনি ম্যাপ রুমে বসার সিদ্ধান্ত নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নারী মুখপাত্র কেইটলিন হেইডেন বলেন, ‘আমরা তিব্বতিদের স্বাধীনতাকে সমর্থন করি না। তবে তিব্বতে মানবাধিকার প্রতিষ্ঠা ও ধর্মীয় স্বাধীনতার প্রতি প্রবল সমর্থন আছে আমাদের।’
দালাই লামা তিব্বতের বৃহত্তর স্বায়ত্তশাসনের পক্ষে। তবে চীনা কর্তৃপক্ষ তাঁকে বিচ্ছিন্নতাবাদী মনে করে।