লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের উপদূতাবাসে হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স নিহত হওয়ার দায় নিজের কাঁধে নিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত সোমবার তিনি বলেন, বিদেশে মার্কিন কূটনীতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হোয়াইট হাউসের নয়, তাঁর নিজের। কারণ তিনি পররাষ্ট্র দপ্তরের প্রধান।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিট রমনির দ্বিতীয় সরাসরি বিতর্কের ঠিক আগের দিন লিবিয়ায় রাষ্ট্রদূত নিহত হওয়ার দায় নিলেন হিলারি।মার্কিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হিলারি বলেন, ‘আমি এর দায় নিচ্ছি। কারণ, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। আর কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়ায় প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট সরাসরি সম্পৃক্ত নন।’ তিনি বলেন, ‘একটি ঘটনা কেন ঘটেছে, তা ফোকাস করা পররাষ্ট্র দপ্তরের কাজ নয়, বরং কী ঘটছে বা কী ঘটতে পারত, তা বিবেচনা করতে হবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের লোকজনকে নিরাপদে রাখতে সবকিছুই করেছিলাম। সেটাই আমার প্রাথমিক দায়িত্ব। এটা নিয়ে আমরা পারস্পরিক দোষারোপের খেলা খেলব না। এখন আমাদের কাজ হলো, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা এবং বেনগাজির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ন্যায়বিচার নিশ্চিত করা।’মার্কিন নির্বাচনী প্রচারণায় ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি ও তাঁর নেতা-কর্মীরা বেনগাজির ঘটনাকে বড় ইস্যু বানিয়েছে। ওবামা প্রশাসন বিদেশে মার্কিন কূটনীতিকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ তুলছে রমনির শিবির।হিলারির দায় স্বীকার করার পর জন ম্যাককেইনের নেতৃত্বে কয়েকজন রিপাবলিকান সিনেটর যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়, যেখানে হোয়াইট হাউস অস্বীকার করতে চাচ্ছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রীর এই দায় স্বীকার করার বিষয়টি প্রশংসনীয়। তবে বিবৃতিতে স্বাক্ষর করা সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ওবামা যদি বেনগাজি হামলার আগে হামলাসংক্রান্ত ষড়যন্ত্রের আভাস পেয়ে থাকেন, তা হলে এর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায় তাঁর কাঁধেই চাপে।গত ১১ সেপ্টেম্বর বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলায় নিহত হন স্টিভেন্সসহ চারজন মার্কিন। প্রাথমিকভাবে একে ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর প্রতিবাদে ক্ষুব্ধ জনতার হামলা বলে উল্লেখ করে মার্কিন প্রশাসন। পরে সেই অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্র জানায়, সংঘবদ্ধ জঙ্গিগোষ্ঠী পরিকল্পিতভাবে উপদূতাবাসে হামলা চালিয়ে রাষ্ট্রদূতকে হত্যা করে। এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা বা এর মদদপুষ্ট কোনো জঙ্গিগোষ্ঠী জড়িত। বিবিসি ও এএফপি।