দায়িত্বশীলতার সঙ্গেই সেনা প্রত্যাহার হবে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দুই ভাই ও শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদলের ওপর হামলা চালিয়েছে সন্দেহভাজন তালেবান যোদ্ধারা। গত সোমবার প্রতিশোধমূলক এ হামলায় একজন আফগান সেনা নিহত ও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েক দিন আগে কান্দাহারের যে স্থানটিতে মার্কিন সেনার নির্বিচার গুলিতে ১৬ নিরীহ বেসামরিক ব্যক্তি নিহত হন, সে স্থানটি পরিদর্শনে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।এদিকে, নির্বিচারে আফগান নাগরিকদের হত্যার ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী বিক্ষোভ দেখিয়েছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি জানান, কান্দাহার প্রদেশের পাঞ্জাওয়িতে শীর্ষ পর্যায়ের সরকারি প্রতিনিধিদলটি যাওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে। প্রতিনিধিদলে হামিদ কারজাইয়ের দুই ভাই ও কয়েকজন পদস্থ নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় একজন সেনা নিহত ও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মুখপাত্র জানান, এর আগে গত রোববার এক মার্কিন সেনার গুলিতে ১৬ আফগান নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযুক্ত সেনাকে মার্কিন বাহিনীর হেফাজতে একটি অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে।সোমবারের হামলা প্রসঙ্গে একজন জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা বিবিসিকে বলেন, সরকারি প্রতিনিধিদলটির ওপর তালেবান যোদ্ধারাই যে হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত। প্রতিনিধিরা ওই সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ও উপজাতীয় নেতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তাঁদের ওপর এমন এক স্থানে হামলা হয়েছে, যেখানে তালেবান যোদ্ধারা সক্রিয়। মার্কিন ওই সেনার নির্বিচার হত্যার ঘটনায় ইতিমধ্যে আফগান ও বহুজাতিক নিরাপত্তা বাহিনীর সম্পর্কে মারাত্মক ফাটল ধরেছে। পাশাপাশি দেশজুড়ে বেসামরিক আফগানদের মধ্যেও সৃষ্টি হয়েছে আতঙ্ক ও ক্ষোভের। আর এ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গতকাল জালালাবাদ শহরে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁরা কান্দাহারে মার্কিন সেনার হামলার তীব্র নিন্দা জানান। বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক, ওবামা নিপাত যাক’ স্লোগানে গোটা এলাকা মুখরিত করে তোলেন।গত মাসে মার্কিন সামরিক ঘাঁটিতে পবিত্র কোরআন পোড়ানোকে কেন্দ্র করে সারা দেশে তুমুল বিক্ষোভ এবং অব্যাহত সহিংসতায় প্রায় ৪০ জন নিহত হওয়ার ধকল কাটতে না কাটতেই নতুন করে এই বিক্ষোভ শুরু হলো। মার্কিনবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের দায়িত্বশীলতার সঙ্গেই প্রত্যাহার করা হবে। তবে এই প্রত্যাহারে কোনো তড়িঘড়ি করা হবে না। তিনি আরও বলেন, নিজেদের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও দেশকে তালেবানের হাতে পড়া থেকে রক্ষায় আফগানদের সক্ষম করে তোলার বিষয়টি নিশ্চিত করতে চায় দেশটিতে মোতায়েন আন্তর্জাতিক বাহিনী।অপরদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেট্টা বলেছেন, বেসামরিক আফগানদের হত্যার ঘটনায় আটক মার্কিন সেনা অপরাধী হিসেবে প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, তদন্ত চলাকালে এই সেনার নাম-পরিচয় প্রকাশ করা হবে না। বিবিসি ও এএফপি।