দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনাকবলিত ফেরিটি উল্টে যাওয়ার সময় এটি চালাচ্ছিলেন তৃতীয় কর্মকর্তা। ক্যাপ্টেন লি জুন-সেওক এ সময় অনুপস্থিত ছিলেন। এদিকে, দুর্ঘটনার দুই দিন পর উদ্ধার তৎপরতা বন্ধ করায় নিখোঁজ যাত্রীদের স্বজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
তদন্তকারীরা গতকাল শুক্রবার জানান, ফেরির ক্যাপ্টেন অজ্ঞাত কারণে পালিয়ে গিয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে।
যাত্রীদের ক্ষুব্ধ স্বজনরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার কারণ এবং উদ্ধার কার্যক্রমের প্রকৃত তথ্য জানানো হচ্ছে না। নিমজ্জিত বহুতল ফেরিটিতে বহু মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সময় গড়ানোর পাশাপাশি তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও শেষ হয়ে আসছে। কোস্টগার্ডের স্থানীয় অধিনায়ক কিম সু-হাইউন বলেন, ফেরিটির ভেতরে আর কেউ জীবিত নেই নিশ্চিত হওয়ার পরই কেবল তাঁরা সেটি টেনে তুলতে শুরু করবেন।
ছয় হাজার ৮২৫ টনের সেউল নামের ফেরিটি ডুবে যাওয়ার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। অন্তত ৫০০ জন ডুবুরির একটি দল শক্তিশালী স্রোতের বিরুদ্ধে লড়াই করলেও গতকাল দুপুর পর্যন্ত ফেরিটির ভেতরে প্রবেশ করতে পারেনি।
ফেরি দুর্ঘটনায় এ পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২৬৮ জন। তাদের অধিকাংশই বিদ্যালয়ের ছাত্রছাত্রী। অবকাশ যাপনের জন্য জেজু দ্বীপের উদ্দেশে তারা ওই ফেরিতে চড়ে ইনচিওন বন্দর থেকে রওনা হয়েছিল।
উপাধ্যক্ষের আত্মহত্যা: উত্তর কোরিয়ায় ফেরিডুবিতে নিখোঁজ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের উপাধ্যক্ষ ক্যাং মিন-গিউ (৫২) আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, বাড়ির কাছাকাছি ব্যায়ামাগারের বাইরে একটি গাছের সঙ্গে গলায় বেল্ট বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। রয়টার্স, এএফপি ও বিবিসি।