সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হুঁশিয়ার করে দিয়ে মোহাম্মদ মুরসি বলেছেন, ‘আপনার দিন ফুরিয়ে এসেছে, আর প্রলম্বিত হবে না। সাম্প্রতিক সময়ের ইতিহাস থেকে শিক্ষা নিন। এখনই রক্তপাত থামান। শিগগির পদত্যাগ করুন।’ গত বুধবার কায়রোতে আরব লিগের এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন মুরসি।আসাদের উদ্দেশে মিসরের প্রেসিডেন্ট মুরসি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে তিউনিসিয়া, লিবিয়া, ইয়েমেন ও মিসরের স্বৈরশাসকদের উৎখাত করেছে জনগণ। সাম্প্রতিক ইতিহাসের এই শিক্ষা গ্রহণ করুন। সিরিয়ায় রক্তপাত বন্ধের সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ নয়। সেই সময় পার হয়ে গেছে। এখন সময় এসেছে পরিবর্তনের। তাই অনেক দেরি হয়ে যাওয়ার আগেই পদত্যাগ করুন। সঠিক সিদ্ধান্ত অসময়ে নেবেন না।’আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।এর আগে ইরানের রাজধানী তেহরানে সম্প্রতি নন-অ্যালাইন্ড মুভমেন্ট (ন্যাম) সম্মেলনে মুরসি বলেছিলেন, “সিরিয়ার ‘নিপীড়নকারী সরকারের’ বিরুদ্ধে জনগণ লড়াই করছে। সরকারের নিষ্ঠুর নির্যাতনের শিকার সে দেশের জনগণের পাশে দাঁড়ানো ‘আমাদের নৈতিক দায়িত্ব’।”যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার-বিষয়ক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, সিরিয়ায় প্রায় দেড় বছর ধরে চলা সহিংসতায় অন্তত ২৬ হাজার মানুষ নিহত হয়েছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এই রক্তপাত বন্ধে আরব বিশ্বের কূটনীতিকদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি।এদিকে সিরিয়ার বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বুধবার সেনাদের কামানের গোলার আঘাতে আলেপ্পু শহরের আশপাশের এলাকায় বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। এতে অন্ততপক্ষে ৫৪ জন নিহত হয়েছে। সিরিয়ায় বিদেশি সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ থাকায় এ খবর নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। এই হামলার মাত্র এক দিন আগে বিদ্রোহীদের সামরিক প্রধান ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আলেপ্পু শহরের ৬০ শতাংশেরও বেশি এখন ফ্রি সিরিয়ান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।পুতিনের আহ্বান: সিরিয়ার প্রশ্নে পশ্চিমা ও আরব বিশ্বের বর্তমান অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, সিরিয়ায় ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়ায় দেশটির বতর্মান সরকারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাশিয়া টুডে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন পুতিন। নিউইয়র্ক টাইমস ও আল-জাজিরা অনলাইন।