দিনলিপিতে নাৎসি-আত্মার জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিটলারের ঘনিষ্ঠ সহযোগী আলফ্রেড রোজেনবার্গের দিনলিপির সেই ৪০০ পাতায় রয়েছে নাৎসি যুগের এমন এক অধ্যায়ের কথা, যা তাদের আত্মার অন্ধকার জগতে উঁকি দেওয়ার জানালা খুলে দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন কর্মকর্তারা এ দাবি করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিসহ অন্যদের ওপর নাৎসিদের চালানো গণহত্যার যে চিত্র, তা ফুটে উঠেছে দিনলিপিটির  পাতায় পাতায়।

ন্যুরেমবার্গ আদালতে বিচার চলাকালে এ দিনলিপিটি খোয়া যায়। টানা ৭০ বছর ধরে চলে তার অনুসন্ধান। শেষ হয় গত ৫ এপ্রিল, যখন দিনলিপিটির ৪০০ পৃষ্ঠা নিউইয়র্কের লুইসটন শহরে হারবার্ট রিচার্ডসন নামের এক শিক্ষাবিদের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রের গবেষকদের দাবি, নাৎসি নেতাদের থার্ড রাইখনীতি, এসবের চর্চা, চিন্তাভাবনা ও কর্তৃত্বপরায়ণ আচরণ সবই আছে দিনলিপির পাতাগুলোতে। ১৯৩৬ সালের বসন্ত থেকে ১৯৪৪ সালের শীতকাল পর্যন্ত লেখা রয়েছে এতে। জার্মান ভাষায় লেখা এই দিনলিপির অনেকটাই এখনো ইংরেজিতে অনুবাদ করা হয়নি। এর পরও যা পাওয়া গেছে, তা কম নয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ইউনাইটেড স্টেটস হোলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের মতে, এই দলিল নাৎসি-জামানা ও ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ সম্পর্কে জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিটলারের আমলে রোজেনবার্গ মন্ত্রী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ন্যুরেমবার্গ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। ১৯৪৬ সালে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। ইতিহাসবিদেরা তাঁর দিনলিপিতে এমন তথ্য থাকার সম্ভাবনা দেখছেন, যার মাধ্যমে ইতিহাসের অস্পষ্ট বিষয় স্পষ্ট হতে পারে।

কট্টর বর্ণবাদী রোজেনবার্গ অনেক ক্ষমতাবান ব্যক্তি ছিলেন। তিনি নাৎসি বাহিনীর পররাষ্ট্রবিষয়ক ব্যাপারগুলো দেখতেন এবং ‘নাৎসি’ পত্রিকা সম্পাদনা করতেন। হিটলারের প্রতি তাঁর লেখা কিছু চিঠি ন্যুরেমবার্গ বিচারের সময় দালিলিক প্রমাণ হিসেবে কাজ করেছে। তিনি ইহুদিদের শিল্প, সংস্কৃতি ও ধর্মীয় সম্পত্তি লুটের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বলে ইতিহাসে প্রমাণিত।

ন্যুরেমবার্গ আদালতে বিচার চলার সময় রোজেনবার্গের দিনলিপিটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তবে বিচারকাজ শেষ হয়ে যাওয়ার পর তা উধাও হয়ে যায়। এটি সরিয়ে ফেলতে মার্কিন কর্মকর্তারা ওই আদালতের কৌঁসুলি রবার্ট কেম্পনারকে সন্দেহ করে আসছিলেন। তিনিই এটি পরে যুক্তরাষ্ট্রে নিয়ে যান বলে ধারণা করা হয়।

জার্মানিতে জন্ম নেওয়া কেম্পনার নাৎসিদের হাত থেকে রেহাই পেতে ১৯৩০ সালের দিকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। এরপর তিনি বিচার-প্রক্রিয়ায় কৌঁসুলি হিসেবে কাজ করার জন্য শুধু সেখানে ফেরত গিয়েছিলেন। তিনি ৯৩ বছর বয়সে ১৯৯৩ সালে মারা যান।