দিনে ২০ কোটি খুদে বার্তা সংগ্রহ করে এনএসএ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) নজরদারির আওতায় সারা বিশ্ব থেকে দিনে প্রায় ২০ কোটি খুদে বার্তা সংগ্রহ করেছে বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এনএসএর পক্ষ থেকে দাবি করা হয়, এনএসএ ‘আইনের আওতায় থেকেই’ এসব খুদে বার্তা সংগ্রহ করছে। এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ভিত্তিতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও টেলিভিশন চ্যানেল ফোর নিউজ পৃথক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ২০১২ সালের শেষের দিকে ব্যাপক আকারে খুদে বার্তা সংগ্রহ করে এনএসএ। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিংবা কোনো সন্দেহের বশবর্তী হয়ে এসব খুদে বার্তা সংগ্রহ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, এনএসএর এই অভিযানের সময় ব্রিটিশ গোয়েন্দারাও কিছু তথ্য পেয়ে যান। এনএসএ খুদে বার্তা সংগ্রহের বিষয়টি স্বীকার করে বলেছে, গোয়েন্দাগিরির প্রয়োজনে বিদেশি লক্ষ্যবস্তুতেও বৈধভাবে নজরদারি করা হয়েছে। খুদে বার্তা সংগ্রহের সময় ‘ঘটনাক্রমে’ মার্কিন জনগণেরও তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে।
প্রসঙ্গত, এনএসএর নজরদারি নিয়ন্ত্রণে পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি।