ইরানের কাছ থেকে দিনে ৭৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস পেতে একটি চুক্তি করেছে পাকিস্তান। ২০১৪ সাল থেকে এই গ্যাস সরবরাহ শুরু হবে। পাকিস্তান বিদ্যুৎ খাতে ব্যবহারের জন্য ইরানের কাছ থেকে এই গ্যাস কিনছে বলে জানা গেছে। গতকাল রোববার তেহরানে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইরানের তেল উপমন্ত্রী জাভেদ ওউজি সাংবাদিকদের বলেন, ‘আজকের দিনটি শুভ। কয়েক দশক আলোচনার পর আজ আমরা চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছি। চুক্তির আওতায় ২০১৪ সাল থেকে পাকিস্তান আমাদের কাছ থেকে দিনে ৭৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস পাবে।’ তিনি জানান, গ্যাস সরবরাহের জন্য সোমবার থেকে আরও ৩০০ কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শুরু করবে ইরান। পাকিস্তানে জ্বালানি উপমন্ত্রী কামরান লাসারি বলেন, ‘ইরান থেকে গ্যাস পেতে আমাদের ৭০০ কিলোমিটার পাইপলাইন বসাতে হবে। এ জন্য সমীক্ষা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পাইপলাইন স্থাপনের লক্ষ্যে শিগগিরই কাজ শুরু করা হবে।’ মূলত ইরান, পাকিস্তান ও ভারতের মধ্যে গ্যাস পাইপলাইন বসানোর পরিকল্পনা ছিল। গত বছর ওই প্রকল্প বাতিল হয়ে যায়। এএফপি।