দিল্লি জয়ে আবার তৃতীয় ফ্রন্ট গঠনের তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল প্রায় দেড় মাস আগে। এবার সরাসরি তৃতীয় ফ্রন্ট গঠনের উদ্যোগে কংগ্রেস ও বিজেপির বাইরের দলগুলোর একটা বড় অংশ মিলিত হচ্ছে। লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিন আগামী বুধবার সংসদ ভবনে ১৪টি দল সেই আলোচনায় যোগ দেওয়ার কথা।
এবারও মূল উদ্যোক্তা বাম দলগুলো। আগেরবার সম্মেলনকে সাম্প্রদায়িকতাবিরোধী তকমা দেওয়া হয়েছিল। ভোট এগিয়ে আসায় এবার সরাসরি তৃতীয় ফ্রন্ট গঠনের চেষ্টা শুরু হয়েছে। সবকিছু ঠিকমতো হলে মার্চে বেঙ্গালুরুতে জনসভা ডেকে তৃতীয় ফ্রন্ট গঠনের ঘোষণা দেওয়া হবে।
দুই দিন আগে বিহারে লালু প্রসাদ যাদব ও রামবিলাস পাসোয়ানের দলের সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার ঘোষণা দেন সোনিয়া গান্ধী। এর পরই জেডিইউ নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নড়েচড়ে বসেন। গতকাল শনিবার পাটনায় তিনি বলেন, দেশের ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের দিল্লিতে ডাকা হয়েছে। বুধবার তাঁরা সংসদ ভবনে বৈঠক করবেন। সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদবও লক্ষেৗয়ে বলেছেন, উত্তর প্রদেশ জয়ের পর এবার তাঁদের লক্ষ্য দিল্লি জয়।
চার বাম দল ছাড়া বুধবার বৈঠকে উপস্থিত থাকতে পারে জেডি (ইউ), জেডি (এস), সমাজবাদী পার্টি, ঝাড়খন্ড বিকাশ মোর্চা, এআইডিএমকে, বিজু জনতা দল, এজিপি। জনতা দল (সংযুক্ত) নেতা কে সি ত্যাগী প্রথম আলোকে বলেন, তাঁদের হিসাবের মধ্যে আম আদমি পার্টিও রয়েছে। কিন্তু এএপিকে নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবকিছু ঠিকমতো হলে মার্চে বেঙ্গালুরুতে বড় জনসভা করে তৃতীয় ফ্রন্ট গঠনের ঘোষণা দেওয়া হবে।
বামপন্থী দলের একটি সূত্র জানায়, তাঁরা ভোটের আগেই জোট করে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয় এগোতে চান। কেন্দ্র-রাজ্য সম্পর্ক, সাম্প্রদায়িকতা, মূল্য বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে এক জোট হতে চান।
মুলায়ম-নীতিশকে নিয়ে বাম দলগুলো এই প্রচেষ্টা কতটা সফল হয়, তা এখন দেখার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফেডারেল ফ্রন্ট গঠনের উদ্যোগ নিয়েছেন। বামপন্থী, নাকি উজ্জীবিত তৃণমূল কংগ্রেস বেশি গ্রহণীয় হয়, সেটাই দেখার।