দিল্লি বিধানসভার নির্বাচনে অংশ নেবে টিম আন্না
ভারতে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা টিম আন্না সাধারণ নির্বাচনের আগে রাজনীতির ময়দানে নিজেদের সামর্থ্য যাচাই করতে দিল্লি বিধানসভার নির্বাচনে অংশ নিতে চায়। দলটির এক সমাবেশে স্বেচ্ছাসেবীদের দাবির পরিপ্রেক্ষিতে গত শনিবার এ সিদ্ধান্ত হয়।হিমাচল প্রদেশ ও গুজরাট রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে টিম আন্না অংশ নেবে না বলে জানানো হয়েছে। দিল্লি বিধানসভার নির্বাচন আগামী বছর এবং ভারতের সাধারণ নির্বাচন ২০১৪ সালে অনুষ্ঠিত হবে। দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সংগঠন ইন্ডিয়া অ্যাগেইনস্ট করাপশন (আইএসি) সূত্র জানায়, বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে শনিবার অনুষ্ঠিত সমাবেশে দিল্লি বিধানসভার নির্বাচনে টিম আন্নার অংশগ্রহণের জোর দাবি ওঠে। ওই সমাবেশে উপস্থিত ছিলেন দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিমোদিয়া, গোপাল রাই প্রমুখ। সমাবেশে কেজরিওয়াল বলেন, কংগ্রেসশাসিত দিল্লি হবে টিম আন্নার প্রথম লক্ষ্য। দিল্লির মোট ৭০টি নির্বাচনী এলাকার সবখানে প্রচার শুরু করতে হবে। টিম আন্নার দুর্নীতিবিরোধী আন্দোলনকে রাজনীতিতে রূপান্তরের সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন দলের কেউ কেউ। তাঁদের মধ্যে রয়েছেন সন্তোষ হেজ। প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে রাজনীতিতে যোগ দিতে অনাগ্রহী, কিন্তু সহকর্মীদের চাপের মুখে তিনি রাজনীতিতে টিম আন্নার অংশগ্রহণে সমর্থন দিতে বাধ্য হয়েছেন—এমন অভিযোগও উঠেছে। তবে রাজনীতিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর টিম আন্নার বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ’ প্রচারণা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেন, আন্না হাজারে ও টিম আন্নার কর্মীদের মধ্যে বিভেদ তৈরির লক্ষ্যে বিরোধীরা এসব ‘অপপ্রচারের’ আশ্রয় নিচ্ছে। সত্যি কথা হচ্ছে, রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে আন্না নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। পিটিআই।