দিল্লিতে আবার জিতবে কংগ্রেস: রাহুল গান্ধী
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা ধরে রাখার ব্যাপারে তাঁর দল আত্মবিশ্বাসী। গতকাল রোববার নয়াদিল্লিতে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
রাহুল গান্ধী বলেন, ‘আমি সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী যে দিল্লিতে কংগ্রেস আবারও জয়লাভ করবে।’
১৯৯৮ সাল থেকেই কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি শাসন করছে কংগ্রেস। দিল্লি মেট্রো, খাদ্যনিরাপত্তা বিলসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে কংগ্রেস সরকারের নানা অর্জনের কথা স্মরণ করিয়ে দেন রাহুল। তিনি বলেন, ‘কেউ বলতে পারবে না যে দিল্লিতে কোনো উন্নয়ন হয়নি। এমনকি বিরোধী দলও এ কথা বলতে পারবে না।’
আইএসআই নিয়ে বক্তব্য নেই: মধ্যপ্রদেশ রাজ্যে গত সপ্তাহে নির্বাচনী জনসভায় এক মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন রাহুল গান্ধী। তিনি দাবি করেছিলেন, মুজাফফরনগরে সাম্প্রদায়িক সহিংসতার শিকার মুসলমান যুবকদের সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। তাঁদের আইএসআই সন্ত্রাসে প্ররোচিত করছে। ভারতের একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে রাহুল ওই মন্তব্য করেন। এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। ভারতের মুসলিম সম্প্রদায়ের নেতারা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। বিতর্কিত ওই মন্তব্যের বিষয়ে গতকালের জনসভায় কিছু বলেননি রাহুল। আইএএনএস ও এনডিটিভি।