দিল্লিতে আমজনতার সরকার
অবশেষে দিল্লিতে সরকার গঠনে রাজি হলো আম আদমি পার্টি (এএপি)। দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন জনতার দল বলে পরিচিত এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল সোমবার দলের রাজনীতিবিষয়ক কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। উপরাজ্যপাল নাজিব জংয়ের সঙ্গে দেখা করে সরকার গঠনের ইচ্ছা জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে। চিঠিটি রাষ্ট্রপতির অনুমোদন পেলেই শপথ গ্রহণের দিনক্ষণ ঠিক করা হবে।
এএপির সিদ্ধান্ত ঘোষণার ফলে প্রায় দুই সপ্তাহের অনিশ্চয়তার অবসান হচ্ছে। দিল্লির ২০ বছরের পরিষদীয় ইতিহাসে এই প্রথম ত্রিশঙ্কু বিধানসভার কারণে রাষ্ট্রপতির শাসন জারি প্রায় অবধারিত হয়ে দাঁড়িয়েছিল। তবে বিজেপিকে রুখতে এএপিকে সমর্থন দেয় কংগ্রেস। কেজরিওয়াল হবেন দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী। ৯৩ থেকে ৯৮ পর্যন্ত বিজেপি শাসনামলে মদনলাল খুরানা, সাহেব সিং ভার্মা ও সুষমা স্বরাজ মুখ্যমন্ত্রী ছিলেন। পরের ১৫ বছর ছিল কংগ্রেসের শীলা দীক্ষিতের শাসন।
কংগ্রেসের সমর্থনের চিঠি আসার পর এএপি ১৪ ডিসেম্বর উপরাজ্যপালের কাছে ১০ দিনের সময় চায়। এ সময়ের মধ্যে দলটি ২৩ লাখ প্রচারপত্র বিলি ও সরাসরি জনতার সঙ্গে কথা বলে তাদের মত জানতে চায়। দলের শীর্ষনেতা মনীশ সিশোদিয়া সকালে বৈঠকের পর বলেন, রাজ্যের অধিকাংশ মানুষ চায়, তাঁরা সরকার গড়ে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করুক।
এএপি নেতারা রামলীলা ময়দানে লাখো মানুষের সামনে ২৬ ডিসেম্বর শপথ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।
এএপির সরকার গঠনের সিদ্ধান্তের পর প্রত্যাশিত প্রতিক্রিয়া জানায় কংগ্রেস ও বিজেপি। দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী হর্ষবর্ধন বলেন, ‘মুখে নীতির কথা বলেও দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের সঙ্গে এএপি হাত মেলালো। এ এক অশুভ আঁতাত।’ কংগ্রেসের সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত বলেন, ‘আমরা ওদের নিঃশর্ত সমর্থন দিইনি। কাজের নিরিখে সমর্থন জারি থাকবে।’
এএপির দেওয়া ১৮টি প্রতিশ্রুতির মধ্যে অন্তত পাঁচটির দিকে জনগণের কড়া নজর থাকবে। কংগ্রেস ও বিজেপির নজরও থাকবে সেই দিকে। এ গুলো হলো: ১. বিদ্যুৎ বিল ৫০ শতাংশ হ্রাস, ২. পরিবারপ্রতি ৭০০ লিটার খাবার পানি বিনা মূল্যে সরবরাহ ৩. জনলোকপাল বিল পাস ৪. রাজ্যজুড়ে ৫০০টি বিদ্যালয় খোলা এবং ৫. আরও বেশি সরকারি হাসপাতাল খুলে স্বাস্থ্য পরিষেবাকে সর্বজনীন করে তোলা। দুই দলই মনে করে, এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়।