দিল্লিতে এএপির কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) কার্যালয়ে গতকাল বুধবার হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল লোক। কাশ্মীর নিয়ে দলের নেতা প্রশান্ত ভূষণের একটি মন্তব্যের প্রতিবাদে এই হামলা চালানো হতে পারে ধারণা করা হচ্ছে। প্রশান্ত ভূষণ সম্প্রতি এক মন্তব্যে বলেছিলেন, কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা জোরদার করার জন্য সেনাবাহিনী মোতায়েন করার বিষয়ে সেখানে গণভোট আয়োজন করা উচিত।
এএপির সূত্র জানায়, কট্টর ডানপন্থী ৫০-৬০ জনের একটি দল এই হামলা চালিয়েছে। তারা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কার্যালয়ে উপস্থিত দলের কয়েকজন নেতাকে লাঞ্ছিত করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এএপির নেতা দিলীপ পান্ডে দাবি করেন, ‘হিন্দু রক্ষা দল’ নামের একটি গোষ্ঠীর একটি দল এই হামলা চালায়। তবে পুলিশ বলছে, হামলায় কেউ আহত হয়নি। এসএসপি ধর্মেন্দ্র সিং বলেন, ‘আমরা হামলার সঙ্গে জড়িত কিছু লোককে চিহ্নিত করেছি। তাঁদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্মেন্দ্র বলেন, দলীয় কার্যালয়ে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। এখন সেখানে এবং কয়েক কিলোমিটার দূরে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসায় পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। পিটিআই।