দিল্লিতে এএপির বিরুদ্ধে এককাট্টা বিজেপি-কংগ্রেস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লি বিধানসভা ভেঙে নতুন নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছে আম আদমি পার্টি (এএপি)। কিন্তু ক্ষমতাসীন কংগ্রেস ও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধিতা করেছে। দল দুটি বলেছে, জরিমানা করে এই পিটিশন খারিজ করে দেওয়া উচিত। বিধানসভা বিলুপ্ত করা বা অন্য কোনো দলকে সরকার গঠনের আহ্বান জানানো হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন লেফটেন্যান্ট গভর্নর।
সুপ্রিম কোর্টও গতকাল বৃহস্পতিবার বলেন, কোনো রাজনৈতিক দলকে জোর করা বা কেন্দ্রীয় শাসন প্রত্যাহারের বিষয়ে আদালত কিছু বলতে পারেন না। বিধানসভা বিলুপ্ত করা হবে, নাকি নতুন নির্বাচন দেওয়া হবে, তা নির্ধারণ করবেন লেফটেন্যান্ট গভর্নর। আদালতে পিটিশন দাখিল করে এএপি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে বলে উল্লেখ করেছে বিজেপি। দিল্লির রাজ্য সরকার বর্তমানে যে অবস্থায় চলছে, সেই অবস্থা বজায় রাখার পক্ষপাতী বিজেপি। দলটি বলেছে, লোকসভা নির্বাচনের পর দিল্লি বিধানসভার সদস্যসংখ্যায় হেরফের হতে পারে।
বিজেপির বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে কংগ্রেস বলেছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘন ঘন নির্বাচনের আয়োজন করা কাঙ্ক্ষিত নয় এবং তা জনগণের স্বার্থের পক্ষে সহায়কও নয়।
বিধানসভা নির্বাচনের পর গত ডিসেম্বরে সরকার গঠন করে এএপি। কিন্তু ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন এএপির প্রধান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এনডিটিভি।