দিল্লিতে এবার বিদ্যুতে ভর্তুকি দেওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাওয়ার পানির পর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দ্বিতীয় ধাপে বিদ্যুতের দাম কমানোর ঘোষণা দিল দিল্লির আম আদমি পার্টির (এএপি) সরকার। গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ১ জানুয়ারি থেকে দিল্লিতে ৪০০ ইউনিট পর্যন্ত ব্যবহার্য বিদ্যুতে রাজ্য সরকার ৫০ শতাংশ ভর্তুকি দেবে।
কেজরিওয়াল বলেন, দিল্লিতে রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে বিদ্যুৎ সরবরাহের কাজে যুক্ত তিন বেসরকারি সংস্থার হিসাবপত্রও নিরীক্ষা করা হবে। এ জন্য তিনি অডিটর অ্যান্ড কম্পট্রোলার জেনারেল (সিএজি) শশীকান্ত শর্মার সঙ্গে দেখা করেন। হিসাব নিরীক্ষায় সিএজির আপত্তি নেই। নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সরকার ভর্তুকি চালিয়ে যাবে। এ জন্য সরকারের মোট ব্যয় হবে ২০০ কোটি রুপি।
রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে তিন বেসরকারি সংস্থা দিল্লিতে বিদ্যুৎ সরবরাহের কাজে যুক্ত। এই তিন সংস্থা তাদের আয়-ব্যয়ের হিসাব সিএজিকে দিয়ে নিরীক্ষা করাতে রাজি নয়। ফলে তারা সঠিকভাবে বিদ্যুতের দাম নিচ্ছে কি না, তা জানার উপায় নেই। বেসরকারি সংস্থার হিসাব সিএজির করার অধিকার নেই, এমন দাবি তুলে তারা এত বছর ধরে হিসাব দেখানোর বিষয়টি এড়িয়ে গেছে। বিষয়টি আদালতেও বিচারাধীন।
সরকারি সূত্র জানায়, যে অজুহাতে তিন বেসরকারি সংস্থা বিদ্যুতের হিসাব নিরীক্ষায় রাজি নয়, তা অযৌক্তিক। বহু পিপিপি বা পাবলিক প্রাইভেট প্রকল্পের হিসাব সিএজি করেছে। দিল্লি হাইকোর্টে সরকার এ যুক্তিই দেবে।