দিল্লিতে গণধর্ষণ, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে কলেজছাত্রী নির্ভয়াকে গণধর্ষণে দোষী সাব্যস্ত চারজনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট। আজ শনিবার এক আদেশে সর্বোচ্চ আদালত মুকেশ (২৭) ও পবনের (২০) মৃত্যুদণ্ড কার্যকর ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেন।
দ্য হিন্দুর খবরে বলা হয়, ২০১২ সালের ১৬ ডিসেম্বরের গণধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার কয়েক দিনের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করলেন আদালত। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই ও শিবা কীর্তি সিংয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ ছুটির দিনে একটি জরুরি শুনানি শেষে এ আদেশ দেন। আদালত তাঁদের আদেশের বিষয়টি তিহার কারা কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে জানানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি আট দিনের মধ্যে প্রধান বিচারপতির দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে তিনি বিষয়টির দায়িত্ব যথাযথ বেঞ্চকে দেন।
আইনজীবী এম এল শর্মা দুজনের পক্ষে মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করেন। আদালত আদেশের আগে এম এল শর্মাকে জিজ্ঞেস করেন, তিনি চারজনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত চান কি না? জবাবে তিনি বলেন, তিনি শুধু দুজনের মৃত্যুদণ্ড স্থগিত চান।
মৃত্যুদণ্ড পাওয়া অপর দুজন হলেন অক্ষয় ঠাকুর (২৯) ও বিনয় শর্মা (২১)।