দিল্লিতে গণধর্ষণ মামলার প্রধান আসামির কারাগারে আত্মহত্যা!
ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি রাম সিংয়ের (৩৪) লাশ গতকাল সোমবার তিহার কারাগার থেকে উদ্ধার করা হয়েছে। রাম সিং আত্মহত্যা করেছেন বলে কর্মকর্তারা দাবি করেছেন। তবে পরিবার ও আইনজীবীরা অভিযোগ করেছেন, তাঁকে হত্যা করা হয়েছে।রাম সিংয়ের সন্দেহজনক মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কারাগারের একজন কর্মকর্তা জানান, রাম সিং কারাগারে একা ছিলেন না, অন্য বন্দী এবং কারারক্ষীরাও ছিলেন। গতকাল ভোরে কারা প্রকোষ্ঠে তাঁর লাশ পাওয়া যায়।গত বছরের ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে একটি চলন্ত বাসে গণধর্ষণের পর ওই কলেজছাত্রী (২৩) ও তাঁর ছেলেবন্ধুকে বাস থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। মারাত্মক আহত অবস্থায় প্রথমে নয়াদিল্লিতে ও পরে সিঙ্গাপুরে নিয়ে তাঁর চিকিৎসা করানো হয়। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় নয়াদিল্লিসহ ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনার পরদিন বাসচালক রাম সিংকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাড়াও এ ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ আদালতে গণধর্ষণ ও হত্যা মামলার বিচার চলছে।তিহার কারা কর্তৃপক্ষ জানায়, নিজের কাপড় দিয়ে তৈরি ফাঁসে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাম সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়। তবে রাম সিংয়ের বাবা মাঙ্গে লাল সিং অভিযোগ করেন, তাঁর ছেলে আত্মহত্যা করেননি। কারাগারে আত্মহত্যা সম্ভব নয়। ছয় দিন আগে আদালতে হাজিরা দিতে এসে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাম সিং। তাঁর নিরাপত্তা দিতে পুলিশের ব্যর্থতা বিস্ময়কর।আইনজীবী ভি কে আনন্দ বলেন, রাম সিংয়ের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে গণ্য করা উচিত। তাঁর লেখা আত্মহত্যার কোনো নোট পাওয়া যায়নি। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে। তাঁকে অন্যান্য বন্দীর সঙ্গেই কারাগারে রাখা হয়েছিল।পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি রাম সিংয়ের মৃত্যুর ঘটনায় বিচার কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।৫৫ বছরের পুরোনো তিহার কারাগারকে এশিয়ার বৃহত্তম এবং অত্যন্ত সুরক্ষিত বলে দাবি করা হয়। ধারণক্ষমতা ছয় হাজার হলেও সেখানে অন্তত ১২ হাজার বন্দীকে রাখা হয়েছে। কারাপ্রধান বিমলা মেহরা জানান, তিহার কারাগারে গত বছর মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন আত্মহত্যা করেন। এএফপি, রয়টার্স, বিবিসি ও পিটিআই।