দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণ, চার আসামি দোষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণধর্ষণের মামলায় আসামিদের ফাঁসি হতে পারে।
গণধর্ষণের মামলায় আসামিদের ফাঁসি হতে পারে।

ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের মামলায় চার আসামিকে আজ মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত। তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামীকাল বুধবার তাঁদের দণ্ড ঘোষণা করা হবে।
আসামিরা হলেন মুকেশ সিং, পাওয়ান গুপ্তা, ভিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর। তাঁদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে।
আইনজীবীর বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দোষী সাব্যস্ত হওয়ায় আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে পারে।
এর আগে একই মামলায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি কিশোর আদালত। ওই কিশোরের বিরুদ্ধে আনা ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে অপরাধ সংশোধনকেন্দ্রে সর্বোচ্চ তিন বছর কাটাতে হবে।
গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী মেডিকেলের এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনার পর দিল্লিসহ দেশটির বিভিন্ন স্থানে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সাধারণ মানুষ।
জনরোষের মুখে ঘটনার কয়েক দিন পর বাসের চালকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের ১১ মার্চ তিহার জেলে থাকা অবস্থায় প্রধান আসামি বাসচালক রাম সিং মারা যান। তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়।