দিল্লিতে গণধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
নয়াদিল্লিতে চলন্ত বাসে ছাত্রীকে (২৩) গণধর্ষণের ঘটনায় স্থানীয় একটি আদালতে মামলার শুনানি গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। গণধর্ষণ ও মারাত্মক জখমের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সেই ছাত্রীর সঙ্গী ও ঘটনার প্রত্যক্ষদর্শী তরুণ হুইলচেয়ারে চড়ে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন।প্রয়াত ছাত্রীর সঙ্গী তরুণ মামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁর বাবা জানান, তাঁর ছেলে অপরাধীদের সাজা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। তিনি আইনজীবীদের যেকোনো প্রশ্নের জবাব দিতে প্রস্তুত রয়েছেন।২৮ বছর বয়সী ওই তরুণকেও ঘটনার রাতে (গত ১৬ ডিসেম্বর) প্রচণ্ড মারধর করা হয়। তিনি এখনো ঠিকমতো হাঁটতে পারেন না। সেই রাতে বাড়ি ফেরার সময় তাঁদের নির্যাতন করে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল। গণধর্ষণের শিকার ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় দিল্লির সফদারজং হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই গত ২৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।মামলায় অভিযুক্ত পাঁচ আসামির বিরুদ্ধে নয়াদিল্লির সাকেত দায়রা আদালতে ইতিমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। একই মামলায় অভিযুক্ত অপর আসামির বিচার হবে কিশোর (জুভেনাইল) আদালতে। এএফপি ও বিবিসি।