দিল্লিতে গণধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের সাজার আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে মেডিকেলছাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া দুজনের সাজার আদেশে স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ সোমবার ওই দুজনের আপিলের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।  

এই দুজন হলেন বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর।

এ বছরের মার্চে দিল্লি হাইকোর্ট এই অপরাধকে পূর্বপরিকল্পিত ও নৃশংস হিসেবে উল্লেখ করে দণ্ড পাওয়া চারজন মুকেশ, বিনয় শর্মা, পবন ও অক্ষয় ঠাকুরের আপিল আবেদন নাকচ করেন। একই সঙ্গে আদালত উল্লেখ করেন, ওই ঘটনা স্বাভাবিক সামাজিক জীবনে গভীর ক্ষতের কালিমাচিহ্ন রেখে গেছে। 

হাইকোর্টে আপিল আবেদন নাকচ হওয়ার পর বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেন। ২০১২ সালের ১৬ ডিসেম্বর ২৩ বছর বয়সী ছাত্রী বাসে করে ফেরার সময় ছয়জনের দ্বারা ধর্ষণের শিকার হন। এর ১৩ দিন পর তাঁর মৃত্যু হয়। গণধর্ষণ ও  মৃত্যুর ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে গোটা ভারত।