দিল্লিতে ছয় আসন পেতে পারে আম আদমি
ভারতে আগামী লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনের মধ্যে ছয়টি আসনেই আম আদমি পার্টি (এএপি) জয়ী হতে পারে। বৃহত্তর মুম্বাই ও উত্তর প্রদেশের নদীয়া-গাজিয়াবাদ এলাকায়ও একটি করে আসন পাবে এএপি। আজ মঙ্গলবার হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
তবে প্রধানমন্ত্রী হিসেবে এএপির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে পেছনে ফেলে এগিয়ে আছেন বিজেপির সম্ভাব্য প্রার্থী নরেন্দ্র মোদি। এ দৌড়ে ক্ষমতাসীন কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর স্থান তৃতীয়।
দিল্লি ও এর আশপাশের এলাকায় এবং মুম্বাইয়ের ২১টি পার্লামেন্টারি আসন এলাকায় পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। এবিপি নিউজের জন্য মার্কেটিং গবেষণা ফার্ম এসি নেইলসন এ জরিপটি পরিচালনা করে।
চলতি মাসের ১০, ১১ ও ১২ তারিখে পরিচালিত এই জরিপে দুই হাজার ৫৮৫ জন মানুষ তাঁদের মতামত দেন।
হিন্দুস্তান টাইমস জরিপটির বরাত দিয়ে জানায়, ২০০৯ সালে লোকসভা নির্বাচনে ১৭টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। এবার সেই সংখ্যা তিনটিতে নেমে এসেছে। আর সেই জায়গায় এএপি আটটি আসন পাবে বলে আশা করছে জনগণ। অন্যদিকে বিজেপি ২০০৯ সালে দুটি আসন পেলেও এবার দলটি ১০টি আসন পেতে পারে।
প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে জনমত জরিপের ফলাফলে ৪৮ শতাংশ মানুষের মতে, নরেন্দ্র মোদি হবেন তাঁদের পরবর্তী প্রধানমন্ত্রী। দ্বিতীয় অবস্থানে রয়েছেন কেজরিওয়াল। আর ১৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কংগ্রসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
মুম্বাই ও থানেতে কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি যৌথভাবে তিনটি আসন পেতে পারে। ২০০৯ সালে এ সংখ্যা ছিল আটটি। ভারতীয় জনতা পার্টি-শিব সেনা জোট এই অঞ্চলে ২০০৯ সালে একটি আসন পেলেও এবার ছয়টি আসন এবং এএপি একটি আসন পাবে বলে জরিপের ফলাফলে আভাস পাওয়া গেছে।
গত লোকসভা নির্বাচনে কংগ্রেস একচেটিয়াভাবে দিল্লির সাতটি আসনে জয়ী হলেও এবার এএপি সেখানে ছয়টি আসন দখল করবে বলে আশা করা হচ্ছে।
বিজেপি এনসিআর (গুরগাঁও এবং ফরিদাবাদ) এলাকায় দুটি আসনে জয়ী হতে পারে। আর গাজিয়াবাদে বহুজন সমাজতান্ত্রিক পার্টিকে পেছনে ফেলে এএপি উঠে আসার সম্ভাবনা রয়েছে।