দিল্লিতে দুর্নীতিবিরোধী কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, জলকামান
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল রোববার দুর্নীতিবিরোধী আন্দোলন কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকর্মীরা প্রধানমন্ত্রী এবং কংগ্রেস ও বিজেপির সভাপতির বাসভবন ঘেরাও করতে চাইলে এই সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রথম সারির আন্দোলনকর্মী অরবিন্দ কেজরিওয়াল, প্রশান্ত ভূষণ, মনোজ সিসোদিয়াসহ টিম আন্নার শত শত কর্মীকে আটক করেছে। পরে অবশ্য কেজরিওয়ালকে ছেড়ে দেওয়া হয়।আন্দোলনকারীরা যন্তর মন্তর থেকে তিনটি ভাগে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রেসকোর্স রোডের বাসভবন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জনপথ ও বিজেপির সভাপতি নিতিন গাড়কারির তুঘলক রোডের বাসভবনের দিকে রওনা হন। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের বাধা দেয়। কিন্তু বিক্ষোভকারীরা সেই বাধা টপকে তিন নেতার বাসভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এর পরও অনেকে সামনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কর্মীকে আটক করেছে।গতকাল দিনের প্রথম ভাগে কেজরিওয়ালসহ ছয়জন আন্দোলনকর্মী মনমোহন, সোনিয়া ও গাড়কারির বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁদের সবাইকে আটক করে এক ঘণ্টা পর আবার ছেড়ে দেওয়া হয়। আন্দোলনকর্মীদের বিক্ষোভের মুখে পুলিশ তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয়।দ্বিতীয় দফায় আটক হওয়ার পর থানায় নিয়ে যাওয়ার সময় কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, ‘আমাদের আন্দোলনের একটাই উদ্দেশ্য, গোটা জাতি দেখুক, কয়লা ব্লক বণ্টন ইস্যুতে কংগ্রেস ও বিজেপি হাতে হাত রেখে দুর্নীতি করছে। তারা উভয়ে দেশে লুটপাট চালিয়েছে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন আমাদের ফিরে যাওয়ার সময়।’বিক্ষোভ, ধরপাকড় আর মুক্তির সাত ঘণ্টার নাটকীয়তার পর বেলা আড়াইটার দিকে কেজরিওয়াল আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে সমর্থকদের শান্তিপূর্ণভাবে ফিরে যাওয়ার আহ্বান জানান। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু ও জি নিউজ।