ভারতের রাজধানী নয়াদিল্লিতে ধর্ষণের শিকার পাঁচ বছর বয়সী শিশুটির শারীরিক অবস্থার ‘উন্নতি’ হচ্ছে। শহরের শীর্ষ সরকারি হাসপাতালের চিকিৎসকেরা গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন। শিশুটিকে ধর্ষণের প্রতিবাদে নয়াদিল্লিতে গতকাল দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ হয়েছে।হাসপাতালের কর্মকর্তা ডি কে শর্মা বলেন, শিশুটি গুরুতর আহত হয়েছিল। তার অবস্থা এখন ‘স্থিতিশীল’। তার চেতনা ফিরে এসেছে এবং মা-বাবার সঙ্গে সে কথা বলছে। পরিস্থিতির ভয়াবহতা অনুভব করার মতো বয়স তার হয়নি।শিশুটিকে ধর্ষণের ঘটনা গত বছরের ডিসেম্বরে নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের এক ছাত্রীকে (২৩) গণধর্ষণ ও মারাত্মক জখমের চাঞ্চল্যকর ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। ওই ছাত্রী পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই বিক্ষোভের কথা স্মরণ করিয়ে দিয়ে কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সমাজ থেকে নৈতিক বিচ্যুতি নির্মূল করতে হবে। ছোট্ট একটি শিশুর ওপর বীভৎস নির্যাতনের ঘটনা সে কথাই মনে করিয়ে দেয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সরকার এখন আগের চেয়ে আরও কঠোর আইন প্রণয়ন করেছে।বিক্ষোভকারীদের একটি দল পতাকা ও পোস্টার নিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে গতকাল জড়ো হয়। আরেকটি দল হাসপাতালের সামনে অবস্থান নেয়। এএফপি।