দিল্লিতে বাংলাকে দ্বিতীয় ভাষা ঘোষণার দাবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা ঘোষণার দাবি করেছে আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লিতে এখন ২৫ লাখ বাঙালির বাস। সেখানে আছে এক ডজনের বেশি বাংলা মাধ্যম বিদ্যালয়। দিল্লিতে দুর্গাপূজা হয় ৫০০ স্থানে। সেখানে হিন্দি ভাষাভাষী লোকজনের পর দ্বিতীয় স্থানে আছে বাংলাভাষীরা।
এদিকে রাজধানী নয়াদিল্লিতে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে শিগগির আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ রায় বলেছেন, খুব তাড়াতাড়ি তাঁরা দাবি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সঙ্গে দেখা করবেন। তাঁর হাতে তুলে দেবেন দাবিসংবলিত একটি স্মারকলিপি।
ভারতের কর্ণাটক রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কর্ণাটকে পাঁচ লাখ বাঙালির বাস।