ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচ বছর বয়সী এক শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সোমবার বিহার রাজ্য থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম প্রদীপ কুমার। ওই ধর্ষণের ঘটনার প্রতিবাদে দিল্লি পুলিশ সদর দপ্তরের সামনে গতকাল তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে বিক্ষোভকারীরা। পুলিশ পার্লামেন্ট এলাকাসহ বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে। ব্যাপক বিক্ষোভের কারণে গতকাল সকালে দিল্লির তিনটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া রেসকোর্স রোড, কেন্দ্রীয় সচিবালয়, পার্লামেন্ট-সংলগ্ন উদ্যোগ ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।দিল্লিতে গত ডিসেম্বরে চলন্ত বাসে এক মেডিকেলছাত্রীকে (২৩) গণধর্ষণের ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়েছিল। এতে শহরের পরিবহনব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করতে হয়েছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার পুলিশ বিশেষ তৎপরতা দেখাচ্ছে। গত তিন দিনের বিক্ষোভ চলাকালে অন্তত ৫০ জনকে আটক করা হয়। বিক্ষোভে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আম আদমি পার্টির কর্মীরা অংশ নেন। তাঁরা কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে জড়ো হয়ে শহরে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।পুলিশ জানায়, ধর্ষণে জড়িত সন্দেহভাজন প্রথম ব্যক্তি মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদের পর প্রদীপ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। মনোজকে বিহার থেকে গত শনিবার গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন উভয় ব্যক্তিকে বর্তমানে দিল্লিতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে একটি পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। শিশুটি ১৫ এপ্রিল নিখোঁজ হয় এবং তাকে দিল্লির একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় দুই দিন পর উদ্ধার করা হয়। তাকে হত্যার উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছিল। গুরুতর অবস্থায় শিশুটিকে শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি হচ্ছে বলে চিকিৎসকেরা জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া শাখার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, পুলিশসহ সরকারের অন্য কর্মকর্তাদের মধ্যে যাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে অন্যায্য আচরণ করছেন, তাঁদের শাস্তি হওয়া উচিত। প্রায় ১২০ কোটি মানুষের দেশ ভারতে নারী ও শিশুর ওপর যৌন সহিংসতার খবর প্রায় প্রতিদিনই পাওয়া যায়। উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে নয় বছর বয়সী এক শিশু গত সপ্তাহেই গণধর্ষণের শিকার হয়। রয়টার্স ও পিটিআই।