দিল্লিতে রাষ্ট্রপতির শাসন অবধারিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে সরকার গঠনের ব্যাপারে দুই প্রধান দল এখনো নিজেদের সিদ্ধান্তে অনড়। দুই দল অনড় থাকলে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন অবধারিত। ১৮ ডিসেম্বরের মধ্যে সরকার গঠিত না হলে লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করবেন। এ অবস্থায় আগামী মে মাসে লোকসভা নির্বাচনের সঙ্গে আবার দিল্লি বিধানসভার ভোট হবে।

১৯৯৩ সালে দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা পাওয়ার পর এই প্রথম সেখানে ত্রিশঙ্কু বিধানসভা হলো। ৭০ আসনবিশিষ্ট বিধানসভার নির্বাচনে বিজেপি ৩২ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) ২৮টি এবং কংগ্রেস আটটি আসন পায়। দুই আসনে জেতে স্বতন্ত্র প্রার্থী। সরকার গড়তে ৩৬ আসন দরকার। কিন্তু বিজেপি বা এএপি কেউই কোনো দলের সঙ্গে জোট করে সরকার গড়তে আগ্রহী নয়। আন্না হাজারের আন্দোলনের শরিক ও কেজরিওয়ালের একসময়ের সহযোদ্ধা কিরণ বেদি গত সোমবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার পরামর্শ দেন। এএপির নেতা প্রশান্ত ভূষণও একই পরামর্শ দেন। তবে কেজরিওয়াল সেই পরামর্শ নাকচ করে দেন। গতকাল মঙ্গলবার তিনি আবারও বলেন, সরকার গড়তে এএপি কারও সাহায্য নেবে না, কাউকে সাহায্যও করবে না। তিনি বরং বলেন, কংগ্রেস ও বিজেপি মিলেমিশে সরকার গঠন করুক। দুই দলের নীতি এক—দুই দলই দুর্নীতিগ্রস্ত।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও দিল্লিতে সরকার না গড়ার পথে হাঁটছে। দিল্লির ভোটের দায়িত্ব যাঁর ওপর, সেই নীতিন গড়কড়ির বাসায় সোমবার বৈঠক করে সরকার না গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল দলের সভাপতি রাজনাথ সিংয়ের বাড়িতে দিল্লির বিধায়কদের বৈঠক বসে। সেখানে আরেকবার নির্বাচনের মুখোমুখি হতে বিধায়কদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। বিজেপি সংখ্যালঘু সরকার গড়ার ঝুঁকি নিতে চাইছে না।