দিল্লিতে শেষ পর্যন্ত আম আদমি পার্টির সরকার?
এত দিন না না করেও দুর্নীতিিবরোধী আন্দোলনের যোদ্ধা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) শেষ পর্যন্ত দিল্লিতে সরকার গঠনের সিদ্ধান্ত নিতে পারে। দলের শীর্ষ নেতা মনীশ সিশোদিয়া গতকাল শুক্রবার সে রকমই ইঙ্গিত দিয়েছেন। দলে এই প্রশ্নে নতুন ভাবনাচিন্তাও যে শুরু হয়েছে, তা তিনি অস্বীকার করেননি। এএপি যাতে সরকার গঠন করতে পারে, সে জন্য দিল্লিতে এখনো রাষ্ট্রপতির শাসন জারি করা হয়নি।
এএপির নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির উপরাজ্যপালের সঙ্গে দেখা করার পর ১০ দিনের সময় চেয়েছিলেন। ওই সময়ের মধ্যে দিল্লিতে ২৫ লাখ হ্যান্ড বিল বিলি করে সরকার গঠনের প্রশ্নে জনগণের রায় জানতে চাওয়া হয়। সিশোদিয়া শুক্রবার বলেন, এখন পর্যন্ত প্রায় ছয় লাখ মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁদের অভিমত জানিয়েছেন। তাঁদের অধিকাংশই সরকার গঠনের পক্ষে রায় দিয়েছেন। রোববার তাঁরা রাজধানীজুড়ে জনসভা করবেন এবং সরাসরি মানুষের মতামত নেবেন। সেই মত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
এএপি সূত্রে জানা গেছে, দলের মধ্যে সরকার গঠনের প্রশ্নে বিভাজন রয়েছে। সরকার গঠনের সুযোগ পেয়েও তা না করা দায়িত্ব এড়ানোর শামিল বলে গণ্য হবে বলে অনেকের অভিমত। জয়ী প্রার্থীদেরও অনেকেই আবার ভোটে লড়াইয়ের পক্ষপাতী নন। দলীয় তহবিলও এমন নয়, যা লোকসভা ও বিধানসভার জোড়া নির্বাচন সামাল দেওয়ার পক্ষে যথেষ্ট। আবার কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করলে বড় দলটির মর্জিমাফিক চলার বাধ্যবাধকতাও থাকছে। কিন্তু তা সত্ত্বেও অনেকেই মনে করছেন, সুযোগ পেয়ে সরকার গঠন করে এএপি যদি দেখাতে পারে তারা অন্যদের চেয়ে আলাদা, তা হলে ভারতের রাজনীতির রং বদলে দেওয়া যাবে। সিশোদিয়ার কথায় স্পষ্ট, এসব কথা এএপি বিবেচনা করছে। তবুও সরাসরি জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্তই তাঁরা নিয়েছেন।
এএপির এই মনোভাব বদলের সম্ভাবনার ইঙ্গিত কেন্দ্রীয় সরকারও পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে তাই ১৮ তারিখেই দিল্লিতে রাষ্ট্রপতির শাসন জারি না করে উপরাজ্যপালকে কয়দিন অপেক্ষা করতে বলেছেন। সোমবারের মধ্যে এএপি তাদের সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে মঙ্গলবারেই দিল্লির ভাগ্য ঠিক হয়ে যাবে। হয় এএপি সরকার গড়বে, নয় জারি হবে রাষ্ট্রপতির শাসন।