দিল্লিতে সরকার গঠন নিয়ে বিজেপি-এএপি ঠেলাঠেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লি নির্বাচনে ইতিহাস সৃষ্টির পরদিন গতকাল সোমবার আম আদমি পার্টি (এএপি) বলেছে, তারা সরকার গঠনের ঝুঁকি নেবে না, বরং বিরোধী দলে থেকে গঠনমূলক ভূমিকা রাখবে।
এএপির পক্ষ থেকে বলা হয়, সরকার গঠনের দায়িত্ব ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। রোববারের নির্বাচনে দলটি সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে।

এএপির নেতা যোগেন্দ্র যাদব বলেন, ‘এমনকি, যদি গভর্নর নাজিব জাং আমাদের সরকার গঠনের আহ্বান জানান, তাহলে তা প্রত্যাখ্যান করা হবে। কারণ, সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা আমাদের নেই। তাই আমরা বিরোধী আসনেই থাকব। গঠনমূলক ভূমিকা রাখব। সংবিধান অনুযায়ী সরকার গঠনের দায়িত্ব বর্তায় সবচেয়ে বড় দলের কাঁধে।’ সরকার গঠনে কংগ্রেসের সমর্থন নেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেন যাদব।
বিজেপিও বলেছে, স্থিতিশীল একটি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা তাদেরও নেই। বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী হর্ষ বর্ধন রোববার রাতে বলেন, ‘সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা আমরা পাইনি। তাই আমরা বরং বিরোধী আসনেই বসব।’

দিল্লির ৭০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি ৩১ আসন পেয়েছে। সরকার গঠনের জন্য দরকার ৩৬ আসন। এএপি পেয়েছে ২৮টি ও কংগ্রেস আটটি আসন। বিজেপির মিত্র আকালি দল পেয়েছে একটি আসন।
মাত্র নয় মাস আগে দল গঠন করে দিল্লি নির্বাচনে অংশ নিয়ে কংগ্রেস দলীয় তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে ২২ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেন দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা কেজরিওয়াল। পিটিআই।