দিল্লিতে সরকার গঠনের ইঙ্গিত কেজরিওয়ালের
ভারতের রাজনীতিতে সাড়া জাগানো আম আদমি পার্টির (এএপি) নেতা ও বিশিষ্ট মানবাধিকারকর্মী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে তাঁর দলের সরকার গঠন করার ইঙ্গিত দিয়েছেন। গতকাল রোববার তিনি বলেন, ‘আমরা আমাদের কাজ করব।’
দিল্লিতে সরকার গঠন প্রশ্নে এএপির অভ্যন্তরে মতপার্থক্য রয়েছে। তবে কেজরিওয়ালের এই বক্তব্য এখন সরকার গঠনে দলটির তৈরি থাকারই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
কেজরিওয়াল গতকাল গণমাধ্যমকে জানান, আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও দিল্লির ক্ষমতা গ্রহণে এএপি শঙ্কার মধ্যে আছে—এটা বলা ভুল হবে। সম্প্রতি দিল্লির বিধানসভা নির্বাচনে দলটি ৭০ আসনের মধ্যে ২৮টিতে জয়ী হয়।
আম আদমি পার্টির এই নেতা বলেন, ‘নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। বিস্তারিত পরামর্শ ও অনেক চিন্তাভাবনার পরই এই ইশতেহার তৈরি করা হয়েছে। উপরন্তু, দিল্লির জনগণ আমাদের কাছে আরও বেশি কিছু আশা করছে। তাদের এ প্রত্যাশা আমরা পূরণ করব।’
ক্ষমতাসীন দল কংগ্রেসের সমর্থনে দিল্লিতে সরকার গঠন করা হবে কি না, এ ব্যাপারে এএপি রাজধানীবাসীর মতামত গ্রহণ করছে। এর অংশ হিসেবে রাজধানীজুড়ে জনসভা করছে দলটি। দিল্লির বিধানসভা নির্বাচনে এএপি কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। কেজরিওয়াল বলেন, ‘জনগণের মতামত পাওয়ার পরই কেবল সোমবার (আজ) সকালে সরকার গঠন নিয়ে আমরা ঘোষণা দেব।’
ভোটের পর জনগণের মতামত নেওয়া প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘ভারতে এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটছে। আগে সাধারণ মানুষের ভূমিকা শুধু ভোট দেওয়ার মধ্যে সীমিত ছিল। কিন্তু আমরা তাদের কাছে আবার ফেরত যাচ্ছি এবং তারা যে ক্ষমতাবান, সেটি বোঝানোর চেষ্টা করছি। এটাই সত্যিকার গণতন্ত্র।’
দিল্লিতে ৩১টি আসনে জয়ী হয়েও একক সংখ্যাগরিষ্ঠ দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ রাজ্যে সরকার গঠনে অস্বীকৃতি জানিয়েছে। আর ভরাডুবির পর কংগ্রেস পেয়েছে মাত্র আটটি আসন। তবে কংগ্রেস সরকার গঠনে এএপিকে সহায়তার প্রস্তাব দিয়েছে। আইএএনএস।