দিল্লিতে সরকার পরিবর্তনের ডাক দিলেন মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দলীয় সমাবেশে তিনি বলেন, ‘কংগ্রেস ও বিজেপি জোটকে পরাজিত করতে আমাদের ফেডারেল ফ্রন্ট গড়তে হবে। দিল্লির রাজতন্ত্রের অবসান ঘটাতে হবে। তাই এবার দিল্লিতে যেতে হবে আমাদের।’
মমতা বলেন, ‘দিল্লির কেন্দ্রীয় সরকার এবার পরিবর্তন করতে হবে। আমরা আর দাঙ্গার সরকার চাই না। দুর্নীতির সরকার চাই না। চাই সম্প্রীতির সরকার, সংহতির সরকার। আমাদের লড়াই কংগ্রেস, বিজেপি ও বামদের বিরুদ্ধে।’
মমতা বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২টি আসনেই তৃণমূলকে জিততে হবে। তৃণমূল কংগ্রেসই এবার গোটা দেশকে পথ দেখাবে। দেশের বিভিন্ন রাজ্যেও লোকসভা নির্বাচনে লড়বে। তিনি আরও বলেন, কংগ্রেসের বিকল্প বিজেপি নয়। আবার বিজেপির বিকল্প কংগ্রেস নয়। গোটা দেশের বিকল্প তৃণমূল কংগ্রেস।