দিল্লিতে হিন্দু-মুসলমান সবাই সমান: রাহুল

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, দিল্লিতে হিন্দু-মুসলমান সবাই সমান, কিন্তু উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্রে যাওয়া অনেককে তাড়িয়ে দেয় বিজেপির মিত্র শিবসেনা। গতকাল রোববার রাজধানীর আম্বেদকর নগরে এক জনসভায় রাহুল এ কথা বলেন। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠিত এ জনসভায় রাহুল গান্ধী দিল্লির মুখ্যমন্ত্রী কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের বিভিন্ন সাফল্য তুলে ধরেন।
রাহুল বলেন, ‘শীলার নেতৃত্বাধীন সরকার ভারতের রাজধানীকে পাল্টে দিয়েছে। বিরোধী দল ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) বিষয়টি স্বীকার করে। এখানে মেট্রোরেলে প্রতিদিন অন্তত ২০ লাখ মানুষ যাতায়াত করে। ১৩০টি উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। এ ছাড়া এখানে রয়েছে আধুনিক বিমানবন্দর ও নতুন হাসপাতাল।’
রাহুল দিল্লিকে অভিবাসী-অধ্যুষিত নগর আখ্যা দিয়ে বলেন, ‘দিল্লিতে আমাদের সবাই সমান, হিন্দু বা মুসলমান...কিন্তু মানুষ উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্রে যায় এবং তাদের তাড়িয়ে দেয় শিবসেনা।’
উত্তর প্রদেশ ও বিহার রাজ্য থেকে দিল্লিতে আসা অভিবাসীদের মন জয় করতে চায় প্রধান বিরোধী দল বিজেপিও। দলটি ওই অভিবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে।
শিলা দীক্ষিত অবশ্য আগে একবার দিল্লিতে ব্যাপক হারে অভিবাসনের সমালোচনা করে বলেছিলেন, নাগরিক জীবনে বিভিন্ন সমস্যা ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির জন্য অভিবাসনই দায়ী। আইএএনএস।