দিল্লিবাসীকে বিদ্যুৎবিহীন থাকতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির বাসিন্দাদের বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হবে না বলে আশ্বাস দিলেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রোববার এ নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, আম্বানি বা টাটার মতো ব্যবসায়ীদের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বিরোধ নেই। কিন্তু দিল্লির জনগণকে হুমকির মুখে ফেলে দেওয়া হবে না।
দিল্লিতে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান বিএসইএসের বিরোধ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সৎভাবে কাজ করলে তাদের সঙ্গে কোনো সমস্যা নেই। তবে শর্ত অমান্য করলে তাদের চলে যেতে হবে।
কেজরিওয়াল বলেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। তাই এ সমস্যা দূর করার বিষয়টি সম্মিলিত লড়াই।
দিল্লিতে অনিল আম্বানির মালিকানাধীন বিএসইএস রাজধানী পাওয়ার লিমিটেড এবং বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান ৭০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে। অবশিষ্ট এলাকার কয়েকটি স্থানে টাটা পাওয়ার দিল্লি ডিস্ট্রিবিউশন লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের সম্পর্ক প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘আমরা বন্ধুও নই, শত্রুও নই। তবে তারা আগের মতোই কাজ করতে চাইলে, আমরা সঙ্গে থাকব না।’ পিটিআই।