দিল্লির আইনমন্ত্রীর বৈধতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির রাজ্য সরকারের আইনমন্ত্রী সোমনাথ ভারতীর বিরুদ্ধে এক বছর আগে ওঠা সাক্ষ্য-প্রমাণ প্রভাবিত করার অভিযোগ সামনে এনে তাঁর ওই পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টি। একই সঙ্গে আম আদমি পার্টির নবগঠিত সরকারের আইনমন্ত্রী ও দলটির প্রভাবশালী নেতা সোমনাথের পদত্যাগ চেয়েছেন কংগ্রেসের নেতারা।

গত বছর একটি মামলায় সাক্ষ্য-প্রমাণ প্রভাবিত করার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) একজন বিচারক সোমনাথ ভারতীকে ‘ন্যায়ভ্রষ্ট’ আখ্যায়িত করেছিলেন। এরই জের ধরে আজ মঙ্গলবার সোমনাথের স্বপদে বহাল থাকা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কংগ্রেসের দিল্লি শাখার প্রধান অরবিন্দর সিং লাভলি বলেছেন, ‘এ দেশের জনগণ বিচারব্যবস্থাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। আমাদের বিচারব্যবস্থা স্বাধীন এবং এটি নিয়ে প্রশ্ন তোলার চেয়ে মারাত্মক বিষয় আর কিছু হতে পারে না।’ তিনি বলেন, ‘যাঁর বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আছে, তাঁর মতো কোনো ব্যক্তি আইনের মতো একটি বিভাগের দায়িত্ব নিতে পারেন কি না, তা ভেবে দেখার বিষয়।’
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফোনে একটি মামলার সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে সোমনাথ ও তাঁর এক মক্কেলকে অভিযুক্ত করে সিবিআই। এর জের ধরে সংস্থাটির তত্কালীন বিশেষ বিচারক পুনম এ বাম্বা সোমনাথ ও তাঁর মক্কেল পবন কুমারকে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
এ ব্যাপারে সোমনাথ বলেন, তিনি ন্যায়ভ্রষ্ট নন বরং সাক্ষ্য-প্রমাণ জালিয়াতির অভিযোগ করে বিচারক ভ্রষ্টাচার করেছিলেন। তাঁর দাবি, তিনি সাক্ষ্য-প্রমাণ জালিয়াতি প্রভাবিত করেননি, বরং তার পরিবর্তে তা আরও পাকাপোক্ত করেছিলেন।
এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সোমনাথের পক্ষ নিয়ে বলেন, সোমনাথের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ জালিয়াতির যে অভিযোগ আনা হয়েছিল, তা ঠিক ছিল না।