দিল্লির করোনা পরিস্থিতি সামলাতে এগিয়ে এল কেন্দ্র

রাজধানী-রাজ্য দিল্লির করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এল কেন্দ্রীয় সরকার। আজ রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে ঠিক হয়েছে, করোনায় সংক্রমিত লোকজনের চিকিৎসার জন্য দিল্লি সরকারকে কেন্দ্রীয় সরকার ৫০০টি ট্রেনের কামরা দেবে। ভারতীয় রেল এই কামরাগুলোতে অস্থায়ী হাসপাতাল হিসেবে গড়ে তুলেছে। কামরাগুলোয় মোট ৮ হাজার রোগীর চিকিৎসা করা যাবে।
দিল্লিতে প্রতিদিন যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তা উদ্বেগজনক। উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সম্প্রতি বলেছিলেন, যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে ৩১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে করোনা-আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে ৫ লাখ দাঁড়াবে। চিকিৎসার জন্য প্রয়োজন হবে অন্তত ৮০ হাজার হাসপাতাল বেড। সেই লক্ষ্যে রাজধানীর বিভিন্ন হোটেল ও ব্যাঙ্কোয়েট হল সরকার সাময়িকভাবে দখল নিতে চলেছে। সেগুলোকে কোভিড হাসপাতালে পরিণত করা হবে। সরকারি সূত্রে বলা হয়েছে, এর মধ্য দিয়ে আগামী এক সপ্তাহে অতিরিক্ত ২০ হাজার বেডের বন্দোবস্ত করা যাবে। এর পাশাপাশি কেন্দ্র একটি কমিটি তৈরি করেছে যার কাজ বেসরকারি হাসপাতালগুলোর ৬০ শতাংশ বেড কম খরচে করোনা রোগীদের জন্য নির্দিষ্ট করা। দিল্লি সরকারকে কেন্দ্র পর্যাপ্ত ভেন্টিলেটর, অক্সিমিটার ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে।
কোভিড পরিস্থিতি মাত্রাছাড়া হয়ে যাওয়ায় মাত্র দুদিন আগে সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে ভর্ৎসনা করেছিলেন। কেন দৈনিক পরীক্ষার সংখ্যা ৭ হাজার থেকে কমিয়ে ৫ হাজার করা হয়েছে, সে প্রশ্নও সুপ্রিম কোর্ট করেছিলেন। রোববারের বৈঠকেরে পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে জানান, সংক্রমণের পরীক্ষা আগামী দুদিনে দ্বিগুণ ও ছয় দিনের মধ্যে তিন গুণ করা হবে। চেন্নাই ও মুম্বাইয়ে দৈনিক পরীক্ষার সংখ্যা ১৭ হাজার। দিল্লিও সমতুল্য হবে। রাজধানী-রাজ্যের মোট ২১৯টি ‘কনটেনমেন্ট’ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকের ‘কনট্যাক্ট ম্যাপিং’ করা হবে। এক সপ্তাহের মধ্যে এই পরীক্ষার ফল পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল টুইট করে বলেন, ‘আমরা একসঙ্গে করোনার মোকাবিলা করব।’
সংক্রমণের দিক থেকে দিল্লি এই মুহূর্তে তৃতীয় স্থানে। মহারাষ্ট্র (১ লাখ ৪ হাজার ৫৬৮) ও তামিলনাড়ুর (৪২ হাজার ৬৮৭) পর দিল্লি (৩৮ হাজার ৯৫৮)। এর পরের স্থান গুজরাটের (২৩ হাজার ৩৮)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গত শনিবার এই চার রাজ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। পর পর দুদিন দেশে সংক্রমিত হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ। মোট সংক্রমিত ৩ লাখ ২১ হাজার। দিল্লিতেও পর পর দুদিন ২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।