দিল্লির কাছে রাজ্যগুলোর দাবির স্রোত
ভারতে নতুন সরকারের বয়স এক সপ্তাহও হয়নি, এরই মধ্যে শরিক ও বিরোধী দলের দাবিদাওয়ার চাপ শুরু হয়ে গেল৷ সীমান্ধ্র প্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গত শুক্রবার দিল্লি এসে তাঁর নতুন রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি জানালেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে দেখা করে তিনি তাঁর নতুন রাজ্যের জন্য দাবিসনদ পেশ করেছেন৷
দিল্লি এসেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও৷ তাঁর প্রধান দাবি, ওিডশাকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হোক৷ আগামী মঙ্গলবার মোদির সঙ্গে দেখা করতে দিল্লি আসছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷
চন্দ্রবাবু নাইডুর প্রধান দাবি, ভাগাভাগির পর নতুন রাজ্য সীমান্ধ্রকে স্বনির্ভর করে তুলতে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সাহায্য দরকার৷ অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠন করার ফলে সীমান্ধ্রের যে ক্ষতি হতে চলেছে, তা পুষিয়ে দেওয়ার দাবি খুবই লম্বা৷ এ জন্য যোজনা কমিশনের সহায়তাও যে দরকার, সে বিষয়টিও তিনি অর্থমন্ত্রীকে বলেছেন৷ নাইডু পরে জানান, তাঁদের দাবির ব্যাপারে কেন্দ্র সহানুভূতিশীল৷ তিনি চান দ্রুত সহায়তা৷
নাইডুর দল তেলেগু দেশম মোদির বিজেপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়েছিল৷ জোটসঙ্গী হওয়া এবং নতুন রাজ্য গঠন হওয়ার ফলে তাদের ক্ষতিপূরণের দাবি আদায় সহজ হবে বলে মনে করা হচ্ছে৷ কিন্তু তামিলনাড়ু বা ওডিশার দাবিদাওয়া কতটা মসৃণ হবে সে বিষয়ে সংশয় আছে৷
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার দিল্লি আসার ঘোষণা অবশ্য একদিক থেকে মোদিকে নিশ্চিন্ত করেছে৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে মোদির শপথ গ্রহণে আমন্ত্রণ জানানোয় জয়ললিতার ক্ষোভ যে দীর্ঘস্থায়ী নয়, এতে মোদি-সরকার খুশি৷
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের প্রধান চাওয়া, ওডিশাকে অনগ্রসর রাজ্য ঘোষণা করে প্রয়োজনীয় সাহায্য আদায় করা৷ এই দাবি নবীন পট্টনায়ক অবশ্য অনেক দিন ধরেই জানিয়ে আসছেন৷ ইউপিএ সরকারের আমলে তা সম্ভব হয়নি৷ তাঁর আশা, মোদির সরকারে তা সম্ভব হবে৷
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে দিল্লি আসবেন তা স্থির করেননি৷ তাঁর সঙ্গে মোদির ব্যক্তিগত সম্পর্ক সাম্প্রতিক নির্বাচনের সময় খুবই খারাপ পর্যায়ে পৌঁছায়৷ ফলে কেন্দ্রীয় সহায়তা তিনি কতটা আদায় করতে পারবেন তা বলা যাচ্ছে না৷
জয়ললিতা, মমতা বা নবীন পট্টনায়কদের তোষামোদ করার একটা বড় রাজনৈতিক বাধ্যবাধকতা অবশ্য মোদির রয়েছে৷ পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এনডিএর সদস্যসংখ্যা যথেষ্ট কম৷ যেকোনো বিল পাস করাতে হলে তাদের বিরোধী দলগুলোর মুখের দিকে চেয়ে থাকতেই হবে৷
তবে ঠিক এই মুহূর্তের বাধ্যবাধকতা হলো, যে-অর্ডিন্যান্স জারি করে প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সচিব হিসেবে সাবেক আমলা নৃপেন্দ্র মিশ্রকে নিয়োগ করা হয়েছে, সংসদের উভয় কক্ষে তা পাস করানো৷ ছয় মাসের মধ্যে তা পাস না হলে অর্ডিন্যান্স বাতিল হয়ে যাবে৷ অর্ডিন্যান্স পাস করাতে হলে তাঁকে শরিকদের পাশাপাশি জয়ললিতা, নবীন, মমতাদের সমর্থনও চাইতে হবে৷ বিরোধীরাও সেই সুযোগ কাজে লাগাতে উঠেপড়ে লাগবে৷