দিল্লির গণধর্ষণ: চারজনের মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত চারজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন ভারতের দিল্লি হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি রিভা ক্ষেত্রপাল ও প্রতিভা রানীর সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসের চালকসহ ছয়জন ধর্ষণ করে মেডিকেল কলেজছাত্রী দামিনীকে (প্রতীকী নাম)। ধর্ষকদের মধ্যে একজন কিশোরও ছিল। ধর্ষণের পর ওই ছয়জন দামিনী ও তাঁর বন্ধুকে বাস থেকে ছুড়ে ফেলে দেয়। পরে চিকিত্সাধীন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দামিনীর মৃত্যু হয়।

এ ঘটনার পর ধর্ষকদের বিচারের দাবিতে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। ঘটনার বিচারে গঠিত আদালত ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর দোষী সাব্যস্ত মুকেশ, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও বিনয় শর্মাকে মৃত্যুদণ্ড দেন। বাকি দুজনের একজনকে দিল্লির তিহার জেলে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিযুক্ত কিশোরটিকে ২০১৩ সালের ৩১ আগস্ট তিন বছরের জন্য কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।