দিল্লির গণধর্ষণ মামলার প্রধান আসামি আত্মহত্যাই করেছেন
নয়াদিল্লিতে বহুল আলোচিত গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি রাম সিং আত্মহত্যা করেছিলেন বলে তাঁর লাশের প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্র গতকাল মঙ্গলবার জানায়, গলার ফাঁসেই রাম সিংয়ের মৃত্যু হয়।রাম সিংয়ের লাশ গতকালই তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দিল্লির সর্বোচ্চ সুরক্ষিত তিহার কারাগারের একটি প্রকোষ্ঠ থেকে রাম সিংয়ের ঝুলন্ত লাশ গত সোমবার উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা বলে কারা কর্তৃপক্ষ দাবি করলেও রাম সিংয়ের পরিবার ও আইনজীবীরা অভিযোগ করছেন, বন্দী অবস্থায় রাম সিংকে হত্যা করা হয়েছে।রাম সিংয়ের বাবা মাঙ্গে লাল সিং অভিযোগ করেন, তাঁর ছেলের বুক, মুখ ও চোখে ‘বেশ কয়েকটি আঘাতের চিহ্ন’ পাওয়া গেছে। কারাগারের তিন বন্দী রাম সিংকে হত্যা করেছেন।দিল্লিতে গত ১৬ ডিসেম্বর চলন্ত বাসে মেডিকেল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের পর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে ফেলে দেওয়া হয়। পরে ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে ওই ছাত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় বাসচালক রাম সিংসহ ছয়জনকে আসামি করে মামলা হয়। দিল্লির একটি বিশেষ আদালতে মামলার বিচার চলছে। আসামি রাম সিংয়ের মৃত্যুর ঘটনাটি তদন্তের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে ওই ঘটনাকে কারা নিরাপত্তায় ‘বড় ত্রুটি’ বলে মন্তব্য করেন।ধর্ষণবিরোধী বিলের ব্যাপারে মতৈক্য হয়নি: ভারতে ধর্ষণ প্রতিরোধে প্রস্তাবিত ফৌজদারি আইন (সংশোধন) বিলের ব্যাপারে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মতৈক্য হয়নি। বিলটির খসড়া গতকালই চূড়ান্ত করার কথা ছিল। এ নিয়ে ছয় দিনের মধ্যে দ্বিতীয়বার বিলটি পিছিয়ে দেওয়া হলো। প্রস্তাবিত খসড়ায় ‘যৌন হয়রানির’ পরিবর্তে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার করা হয়। এ ছাড়া কিশোর অপরাধীদের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছর নির্ধারণের কথা বলা হয়। এএফপি, বিবিসি ও পিটিআই।