দিল্লির ধর্ষণের শিকার ছাত্রীর অবস্থা স্থিতিশীল
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত রোববার রাতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার সেই মেডিকেল ছাত্রীর অবস্থা স্থিতিশীল। গতকাল বৃহস্পতিবার সাফদার জং হাসপাতালের চিকিৎসকেরা এ তথ্য জানান। হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট বি ডি আথানি বলেন, গত বুধবার রাতটা ছিল ঝুঁকিপূর্ণ। তবে সকাল থেকে তাঁর অবস্থা স্থিতিশীল আছে। তাঁকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। দেওয়া হচ্ছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস। তবে তিনি নিজে নিজেই শ্বাস-প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছেন। শিগগিরই তাঁকে টোটাল প্যারেনটেরাল নিউট্রিশন (টিপিএন) দেওয়া হবে। কারণ, অন্ত্রের ক্ষতি হওয়ায় তিনি আপাতত মুখে খাবার গ্রহণ করতে পারবেন না। আথানি আরও বলেন, এ অবস্থায় সংক্রমণ সবচেয়ে বিপজ্জনক। ওই ছাত্রীর সংক্রমণ ঠেকাতে চিকিৎসার প্রথম দিন থেকেই প্রতিষেধক দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা বলেন, ধর্ষণের শিকার কোনো নারীর এত গভীর ক্ষত তাঁরা আর দেখেননি। এ ঘটনা বিরল। গত রোববার রাতে দুর্বৃত্তরা চলন্ত বাসের মধ্যে প্রায় এক ঘণ্টা ওই ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে তাঁকে প্রায় অর্ধনগ্ন ও অর্ধ-অচেতন অবস্থায় চলন্ত বাস থেকে ফেলে দেয়। পিটিআই।