দিল্লির বিধানসভায় নতুন করে নির্বাচন
দিল্লির বিধানসভা ও সরকার নিয়ে গত আট মাসেরও বেশি সময় ধরে দোলাচলের অবসান ঘটতে যাচ্ছে। সেখানে নতুন করে নির্বাচন হতে যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার প্রধান তিন রাজনৈতিক দল বিজেপি, এপিপি ও কংগ্রেস দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংকে জানিয়েছে, বর্তমান অবস্থায় তাদের পক্ষে সরকার গঠন সম্ভব নয়।
একই সঙ্গে ওই দলগুলো বিধানসভা ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনেরও দাবি জানায়। এই প্রেক্ষাপটে দিল্লির বিধানসভায় নতুন নির্বাচন হতে যাচ্ছে। এ বিষয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর।
ভারতে গত প্রায় এক দশকের মধ্যে এই প্রথম কোনো রাজ্যে এত অল্প সময়ের ব্যবধানে বিধানসভা নির্বাচন হচ্ছে। ২০০৫ সালে বিহারে এমন ঘটনা ঘটেছিল।
গত বছরের ৪ ডিসেম্বর ৭০ আসনের দিল্লির বিধানসভা নির্বাচন হয়। ওই নির্বাচনে প্রধান তিন দলের কোনোটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩৬ আসন পেতে ব্যর্থ হয়। পরে কংগ্রেসের সমর্থন নিয়ে সেখানে সরকার গঠন করে এএপি। প্রতিশ্রুতি অনুযায়ী দিল্লি বিধানসভায় জন লোকপাল বিল পাস করাতে না পারায় পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
মাত্র ৪৮ দিন ক্ষমতায় থাকার পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করলে দিল্লিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়। এরপর থেকে দিল্লিতে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে।
দিল্লির বিধানসভায় নতুন নির্বাচনের পক্ষে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল বিজেপির সভাপতি অমিত শাহ। তাঁদের বিশ্বাস, সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যাপারে তাঁরা আশাবাদী।