দিল্লির মসনদে বসছে আম আদমি, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ভারতের রাজনীতিতে সাড়া জাগানো আম আদমি পার্টিই (এএপি) দিল্লিতে সরকার গঠন করতে যাচ্ছে। আজ সোমবার এএপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রী হিসেবে দলের নেতা ও বিশিষ্ট মানবাধিকারকর্মী অরবিন্দ কেজরিওয়াল দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
এনডিটিভির খবরে বলা হয়, সরকার গঠনের লক্ষ্যে আজ স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংগের বাসভবনে গেছেন অরবিন্দ। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের জন্য গভর্নরের কাছে একটি চিঠি দিয়েছেন।
দেশটির একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আগামী শুক্রবার রামলীলা ময়দানে শপথ অনুষ্ঠান হতে পারে।
৪৫ বছর বয়সী অরবিন্দ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে তিনি হবেন দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী।
এরই মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত এএপিকে শুভকামনা জানিয়েছেন। তিনি আশা করেন, দলটি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে। তিনি বলেন, ‘আমরা এএপিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিইনি।’
সরকার গঠনের ঘোষণার পর বিজেপি নেতা হর্ষ বর্ধন বলেন, কংগ্রেসের সমর্থন নিয়ে এএপির সরকার গঠনের উদ্যোগ হবে তাদের মূলনীতির সঙ্গে আপস ও জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

সম্প্রতি দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে এএপি ২৮টিতে জয়ী হয়।

আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ বলেছিলেন, ‘নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। বিস্তারিত পরামর্শ ও অনেক চিন্তাভাবনার পরই এই ইশতেহার তৈরি করা হয়েছে। উপরন্তু দিল্লির জনগণ আমাদের কাছে আরও বেশি কিছু আশা করছে। তাদের এ প্রত্যাশা আমরা পূরণ করব।’

ক্ষমতাসীন দল কংগ্রেসের সমর্থনে দিল্লিতে সরকার গঠন করা হবে কি না, এ ব্যাপারে এএপি রাজধানীবাসীর মতামত গ্রহণ করছে। এর অংশ হিসেবে রাজধানীজুড়ে জনসভা করছে দলটি। দিল্লির বিধানসভা নির্বাচনে এএপি কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে।

দিল্লিতে ৩১টি আসনে জয়ী হয়েও একক সংখ্যাগরিষ্ঠ দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ রাজ্যে সরকার গঠনে অস্বীকৃতি জানিয়েছে। আর ভরাডুবির পর কংগ্রেস পেয়েছে মাত্র আটটি আসন। তবে কংগ্রেস সরকার গঠনে এএপিকে সহায়তার প্রস্তাব দিয়েছে।