
যুক্তরাষ্ট্রে কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের ‘হয়রানির’ প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছে ভারত। নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলকে বড়দিনের ছুটিতে নেপালে যাওয়ার জন্য বিমানবন্দরে বিশেষ সুবিধা দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। এ কারণে শেষমেশ নেপাল যাওয়ার পরিকল্পনাই বাতিল করেন পাওয়েল।
মার্কিন পুলিশ মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার ও তাঁর সঙ্গে ‘বিধিবহির্ভূত’ আচরণ করায় ১৯ ডিসেম্বর মার্কিন কূটনীতিকদের বিমানবন্দরের বিশেষ পাসের সুবিধা প্রত্যাহার করে নয়াদিল্লি। মার্কিন কূটনীতিকেরা শুধু নিজেরা ভ্রমণের সময়ই নন, বরং বিমানবন্দরে তাঁদের কোনো অতিথিকে স্বাগত কিংবা বিদায় জানানোর ক্ষেত্রেও বিশেষ মর্যাদা পাবেন না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের কূটনীতিকদের এখন এ ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। এ কারণেই পাল্টা ব্যবস্থা নিয়েছে ভারত।
নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র লি ম্যাকমেনিস বলেছেন, এটি ছিল রাষ্ট্রদূত পাওয়েলের ব্যক্তিগত ছুটির পরিকল্পনা। পরে তা বদলানো হয়।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ন্যান্সি পাওয়েলের নেপাল ভ্রমণের পরিকল্পনা জানানো হলে সরকার তাঁকে কূটনীতির বিশেষ মর্যাদা দিতে অপারগতা জানায়।
একটি সরকারি সূত্র বলেছিল, যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূতকে সাধারণ যাত্রীদের মতো ভ্রমণ করতে হচ্ছে। পাওয়েলকেও তাই করতে হবে।
গৃহকর্মীকে ভিসা আবেদনে উল্লেখ করা অঙ্কের চেয়ে কম পারিশ্রমিক পরিশোধের অভিযোগে সম্প্রতি দেবযানীকে গ্রেপ্তার করে নিউইয়র্কের পুলিশ। তাঁকে কূটনীতিক হিসেবে অব্যাহতির সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ নয়াদিল্লি। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।