দিল্লির রাস্তায় নারীদের কোনো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। ধর্ষণের ঘটনায় জনস্বার্থসংশ্লিষ্ট একটি মামলায় অভিযুক্তদের আঙুলের ছাপ পরীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি কালে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেন। আদালত বলেন, ‘আমরা নারীদের মর্যাদা, সম-অধিকার ও সম্মান অক্ষুণ্ন রাখতে ব্যর্থ হচ্ছি।’পর্যবেক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার, ন্যাশনাল কমিশন ফর উইমেন এবং দিল্লির সরকারি পরিবহন কর্তৃপক্ষকে আদালত নোটিশ জারিও করেছেন। শুনানিতে আদালত বলেন, দুজনের আঙুলের ছাপ পরীক্ষায় ধর্ষণের শিকার হওয়া নারীর মর্যাদাহানির বিষয়টি উঠে এসেছে। এই জনস্বার্থসংশ্লিষ্ট মামলায় অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ক্ষতিপূরণ-বিষয়ক একটি পর্ষদ গঠনেরও আবেদন জানানো হয়। দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিপুণ সাক্সেনার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কে এস রাধাকৃষ্ণা এবং বিচারক দীপক মিশ্রের বেঞ্চ এই নোটিশ জারি করেন। সাক্সেনা যুক্তিতর্ক উপস্থাপনে বলেন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আদালত ১৬ বছর আগেই ক্ষতিপূরণ বোর্ড গঠনের নির্দেশ দেন। কিন্তু তা অনুসরণ করা হয়নি। ওই নোটিশে মোটরগাড়িসংক্রান্ত আইন না মানার পরও বেসরকারি পরিবহনগুলোকে কেন রাষ্ট্রীয় পরিবহন কর্তৃপক্ষ অনুমোদন দেয়, সে বিষয়ে জবাব দিতে বলেছেন আদালত। টাইমস অব ইন্ডিয়া।