দিল্লির সরকার ইউপিএর নয়, কংগ্রেসের: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার বিকেলে কলকাতায় রাজ্য সচিবালয় মহাকরণে সংবাদ সম্মেলনে বলেছেন, দিল্লিতে ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার এখন আর ইউপিএ বা সংযুক্ত প্রগতিশীল জোট সরকার নয়; এটা কংগ্রেসের সরকার। এই সরকার সংখ্যালঘু সরকার। অসাংবিধানিক সরকার। এই সরকারের প্রতি মানুষের আস্থা নেই। পুনর্গঠিত মন্ত্রিসভায় মহারাষ্ট্রের শারদ পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপি ছাড়া অন্য কোনো শরিক দল এই মন্ত্রিসভায় যোগ দিতে রাজি হয়নি। মমতা বলেছেন, তাই এই সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। এই সরকার পচে গেছে। সোমবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ২২ জন মন্ত্রী শপথ নেওয়ার পর এই সরকার নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মমতা এসব মন্তব্য করেন। মমতা বলেন, এই রাজ্যের নতুন তিন মন্ত্রীই মূল্যহীন। এই সরকার সংখ্যালঘু সরকারে পরিণত হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা নেই। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ধমকাচ্ছে, চমকাচ্ছে, সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। জনগণ সরকারের এই হুমকিতে আদৌ শঙ্কিত নয়।সেটটপ বক্স নিয়ে আন্দোলনের হুমকিসংবাদ সম্মেলনে মমতা বলেন, কলকাতাবাসী টিভি দেখা থেকে বঞ্চিত হলে তিনি এর বিরুদ্ধে আন্দোলনে নামবেন। কেন্দ্রীয় সরকার ভারতের চার মহানগরের টেলিভিশন চ্যানেলকে ডিজিটাল করার লক্ষ্যে ৩১ অক্টোবরের মধ্যে প্রতিটি গ্রাহককে সেটটপ বক্স লাগানোর জন্য চূড়ান্ত সময় দিয়েছে। চার মহানগর হলো: দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং সময় বাড়ানোর জন্য মমতা কেন্দ্রের কাছে চিঠি দিলেও কর্ণপাত করেনি কেন্দ্রীয় সরকার।